আন্দুলের রাসের মেলায় দোলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নাবালক শ্রমিক সুরজকুমার সাউয়ের। সঙ্গে ছিল বন্ধু চয়ন দাস। চোখের সামনে বন্ধুকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেছে সে। চোখেমুখে আতঙ্ক নিয়ে বুধবার সন্ধ্যার অভিজ্ঞতার কথা জানাল নাবালক। শুক্রবার ডোমজুড় থানায় সামনে জানাল, সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। বন্ধুকে হারিয়ে আক্ষেপ, “চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল সুরজ। আমি বেঁচে গেলাম। কিছু করতে পারলাম না। এই ঘটনার বিচার চাইছি।” ঘটনায় সুরজের পরিবারের অভিযোগের ভিত্তিতে গাফিলতির অভিযোগের একটি মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাসমেলায় সুরজকুমারের সঙ্গে কাজে গিয়েছিল একই পাড়ার বাসিন্দা বন্ধু বছর ১৭-র চয়ন দাস। সেদিনের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে চয়ন বলে, “আমি ও সুরজ গিয়েছিলাম চেয়ার আনতে। দোলনাটায় কারেন্ট ছিলো। আমরা ২ জনে ধরেছিলাম। আমি জুতো পড়েছিলাম আমাকে ছিটকে দিয়েছে। ও জুতো পড়ে ছিল না বলে ওকে ধরে নিয়েছে। ঘটনাটা দেখে মেলায় থাকা আশপাশের দোকানদাররা ছুটে আসেন। কিন্তু তখন আর কেউ কিছু করতে পারেনি। চোখের সামনে ছটফট করতে করতে মারা যায় সুরজ।”
আরও পড়ুন:
মৃত কিশোর সুরজের জ্যাঠা কুন্দন সাউ বৃহস্পতিবারই অভিযোগ জানিয়েছিলেন, তাঁর ভাইপোকে জোর করে দোলনার কাজের জন্য শ্রীরামপুর থেকে আন্দুলে নিয়ে আসা হয়। এই প্রসঙ্গে চয়ন জানায়, “গত ২৪ নভেম্বর মঙ্গলবার আমরা দু’জনেই একসঙ্গে কাজে এসেছি। এক থেকে দেড় বছর এই লাইনে ২ জনে কাজ করছি। সুরজ আমার বন্ধু হয়। ও কাজ জানত। মেলাতে দোলনার কাজ করতে আসত। তবে এবার ওকে জোর করে নিয়ে আসা হয়েছিলো কি না, তা আমি বলতে পারব না।”
এই ঘটনায় গাফিলতির জন্যই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে সুরজের পরিবার। চয়ন জানায়, “আমিও সুরজের পরিবারের মতো এই ঘটনার বিচার চাইছি।”
প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানালেন, “গাফিলতির মামলা রজু করে তদন্ত চলছে। কেউ দোষী প্রমাণিত হলে আইনানুযায়ী তার উপযুক্ত সাজা হবে।’’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
