Voice of Eastern India

RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, “এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর ..”


 সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুললেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। পাশাপাশি অভিযোগ তুললেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে। 

আরও পড়ুন, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

 লটারির টাকা আত্মসাতের মামলায় ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়। দু’জনকেই আর জি কর-কাণ্ডেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এবার, মেয়ের খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুললেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পানিহাটির ‘অভয়া’র মা ও বিজেপি বিধায়ক  রত্না দেবনাথ বলেন, এরা যা অত্যাচার করেছে, আমাদের মেয়েটার ওপর তো করেইছে, তাছাড়া আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে নির্মল ঘোষ। পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। (সব অভিযুক্তরা) ধরা পড়বে, প্রশাসনের ওপর আমাদের সেই ভরসা আছে।  এগুলোতে আগেই করতে পারতেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁকে তো বারবার আমরা এটা বলেছি।  কিন্তু তিনি সেটা করেননি।
 
২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাড়াহুড়ো করে মৃতদেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভয়ার পরিবার।বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্য়মন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শেষকৃত্য় নিয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্য়ায়। 

বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, সেদিন অনেক বলেছিলাম তুমি একবার পুলিশকে বলো… (বলেছিলাম) সঞ্জীব মুখার্জিকে… আমি যেন মেয়েটার দ্বিতীয় ময়নাতদন্ত করাতে পারি। উনি কথা শোনেননি ওরা পরে হামলাও করেছে, আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারত। গুন্ডা নিয়ে এসেছিল, গুন্ডাবাহিনী নিয়ে এসেছিল সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ।  আমাদের তো গাড়িটা আটকানো ছিল।আর জি কর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। শুক্রবার আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। 



Source link

Leave A Reply

Your email address will not be published.