চিতাবাঘ, ভল্লুক, হানি ব্যাজারের আবাসস্থলে এবার দেখা মিলল বিরল স্তন্যপায়ী মাদ্রাজ ট্রি শ্রুর। এই রাজ্যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, সুন্দরবনের পর এবার পুরুলিয়ায়। এবং তা জীব বৈচিত্র্যে সমৃদ্ধ কোটশিলার সিমনির জঙ্গলে। ধূসর রঙের এই লাজুক স্তন্যপায়ীর ছবি ধরা পড়েছে সংবাদ প্রতিদিনের ক্যামেরায়। এই খবর পাওয়ার পর খুশি বন দপ্তর থেকে বন্যপ্রাণ প্রেমীরা। পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন,”এটা পুরুলিয়ার মুকুটে নতুন পালক। ওই এলাকা জীব বৈচিত্র্যে কতটা সমৃদ্ধ তা বারে বারে প্রমাণ হচ্ছে।”
সিমনি এলাকায় একের পর এক নতুন নতুন বন্যপ্রাণ-র দেখা মেলায় ওই এলাকার জীববৈচিত্র্য রক্ষার সম্পূর্ণ কৃতিত্ব তিনি অবশ্য এলাকার মানুষজনকে দিয়েছেন। তাঁর কথায়, “এলাকার মানুষজন আমাদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গল ও বন্যপ্রাণদের আবাসস্থল সুরক্ষিত রাখার ফল।” ডিএফও আশাবাদী আগামী দিনে ওই এলাকায় আরও অজানা কিছু বন্যপ্রাণের অবস্থানের প্রমাণ মিলবে।
আরও পড়ুন:
মাদ্রাজ ট্রি শ্রু বা ভারতীয় ট্রি শ্রু কাঠ বিড়ালির মতোই। লম্বায় ১৬.৫ থেকে ১৮.৫ সেন্টি মিটার। তবে এদের পিঠে কাঠবিড়ালির মতো ডোরাকাটা দাগ থাকে। অন্যদিকে, হাঁটার সময় তাদের লেজ উপরের দিকে তুলে রাখে। মধ্য ও দক্ষিণভারতে এই স্তন্যপায়ীদের পাহাড়ি বনে পাওয়া যায়। পুরুলিয়ায় বন্যপ্রাণ নিয়ে গবেষণা করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা শ্বেতাদ্রি ভান্ডারী বলেন,” ভারতীয় প্যাঙ্গোলিনের জন্য ক্যামেরা ট্র্যাপের কাজের সময় ২০১৯ সালে এই রাজ্যে প্রথম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ছবি-সহ মাদ্রাজ ট্রি শ্রুর প্রমাণ মিলেছিল।” তবে তার পর সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গলে এই স্তন্যপায়ীর থাকার ছবি সহ প্রমাণ মিলেছে। আর তৃতীয়বার পুরুলিয়া সিমনি।
সিমনি গ্রামের স্কুল পেরিয়ে পাহাড়ি পথে হেঁটে সাইডেরার দিকে এগোতেই রাস্তার পাশে একটি গাছে উই পোকা খেতে দেখা যায় এই বিরল ট্রিশ্রুকে। আর এই খবর সামনে আসার পর আপ্লুত পুরুলিয়া বনবিভাগও। কারণ, পুরুলিয়ার সিমনি রাজ্যের একমাত্র এলাকা যেখানে একসঙ্গে চিতাবাঘ, ভল্লুক, হানি ব্যাজার, মরীচিকা বিড়াল থেকে ভারতীয় প্যাঙ্গোলিন, অন্যদিকে কাঁকর হরিণ, বুনো শূকর, বুনো বিড়াল হনুমান থেকে ময়ূর নিজেদের টেরিটোরি ভাগ করে নিয়েছে। মাঝেমধ্যেই ফিশিং ক্যাট দেখা মেলে। আবার হাতিও ঝাড়খণ্ড থেকে এসে এই এলাকায় মাসের পর মাস থেকে যায়। বাদ থাকেনি রয়্যাল বেঙ্গল টাইগারও। কারণ, অতীতে এই জঙ্গলে তারও বিচরণের হাতেনাতে প্রমাণও মিলেছিল। সিমনি নিয়ে এখন শুধু ওই এলাকার মানুষজন বা বন দপ্তর নয়। গর্ব করে সমগ্র পুরুলিয়া-সহ রাজ্য বনবিভাগ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
