Voice of Eastern India

Mamata Banerjee : ‘এটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে’, মমতার কোন কথা নিয়ে নিশানা তারক সিংয়ের?


অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূলের দলের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ ঘটছে প্রতি মুহূর্তে। দলের একাংশ ইতিমধ্যেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মুখ খুললেন কলকাতা পুরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিং। এপ্রসঙ্গে তাঁর মুখে শোনা গেল ‘ক্রিমিনাল’ শব্দও। সেই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোন কথায় হিন্দু ভাবাবেগে চূড়ান্ত আঘাত লেগেছিল…কেনই বা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর ক্ষিপ্ত মুসলিমরাও ! 

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাারক সিং বলেন, “অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টা কে? মমতা ব্যানার্জি। যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জির ব্লুআইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াত, যুব কংগ্রেসের সভাপতি ছিল। কার মস্তিস্ক থেকে এটা বেরোল যুবা করার? যুবাটা কে করল? কার সমর্থনে হয়েছিল? অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কী? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয়, আমি তো তাকে শাসন করব, বোঝাব যাতে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়।”

২০১১ সাল থেকে যে মুসলিম ভোট তৃণমূলের সঙ্গে ছিল, সেখানেও এবার ভাঙন ধরেছে বলে দাবি করেছেন কলকাতা পুরসভার এই মেয়র পারিষদ। আর সেই সঙ্গে হিন্দু ভোটারদের মনে ধাক্কা দেওয়ার জন্যও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন তিনি। দায়ী করেছেন তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকেই। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যদি আমরা না-থাকি, কোনও দিন সেই রকম আসে, এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি (সম্প্রদায়) যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে এক দম বারোটা বাজিয়ে!”

এই মন্তব্যের প্রসঙ্গ তুলে তারক সিং বলেন, “নিজে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, একটা সম্প্রদায় আছে যাদের আমি আটকে রেখেছি। তাদের যদি ছেড়ে দিই দু ঘণ্টার জন্য শায়েস্তা করে দেবে। এটা একটা হিন্দু মনে ব্য়াপকভাবে লেগেছে। তেমনই মুসলমানরাও ক্ষিপ্ত আছে। আপনি দেখুন মালদা-মুর্শিদাবাদে যে বিজেপি ভোট পেয়েছে মুসলিমরাও আমাদের ভোট দেয়নি…ববি হাকিম হয়তো বলতে চাইবে না। আমি ভীতু না ভয় পাই না।”

সব মিলিয়ে তৃণমূলের অন্দরে বিদ্রোহের আঁচ ক্রমশ বাড়ছে। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দলেরই নেতাদের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে।তারক সিং স্পষ্ট ভাষায় বলেন, “দলটা কারও পৈতৃক সম্পত্তি নয়। আমরা নেতৃত্বের পরিবর্তন চাই…তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই।”

কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবিও তুলেছেন তিনি। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে রয়েছেন তারক সিং। চার দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার ২০ বছরের কাউন্সিলর এবং ১৬ বছর ধরে মেয়র পারিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং-ই এবার প্রকাশ্যে নেতৃত্ব বদলের দাবি তুললেন। ভোটে হারের পর এখনও এক মাসও হয়নি। তার মধ্যেই তৃণমূলের অন্দরে নেতৃত্ব নিয়ে প্রকাশ্য অসন্তোষ সামনে চলে এসেছে। আর সেই ক্ষোভের নিশানায় এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।       

      

 



Source link

Leave A Reply

Your email address will not be published.