Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রাতভর বের করা হল আসবাব-কম্পিউটার, আজও ফের ৫ তলা অফিসে বুলডোজার
পার্থ প্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: এক-দুই নয়, মোট ৩ খানা বুলডোজার নিয়ে শনি-সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার (Amtala) অফিসে পৌঁছে গিয়েছিল প্রশাসন। বেলা গড়াতে না গড়াতেই শুরু হয় বুলডোজার অ্যাকশন। আজ, রবিবার সকাল থেকেই আমতলায় অভিষেকের অফিসের সামনে পুলিশ-প্রশাসনকে ফের সক্রিয় হতে দেখা গিয়েছে। অফিসের গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায়। আজও ফের ৫ তলা অফিস ভাঙার কাজ চলবে।
বেআইনিভাবে তৈরি আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলে শনিবার। আজও বুলডোজার দিয়ে সেই পার্টি অফিস ভাঙার কাজ হবে। রাতভর পার্টি অফিস থেকে বের করা হয়েছে সমস্ত জিনিসপত্র। ৫ তলা সাংসদ কার্যালয়ের প্রতিটি ফ্লোরে ছিল প্রচুর আসবাবপত্র ও অনেক কম্পিউটার। সবক’টিই পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বের করা হয়েছে।
গতকাল অর্থাৎ ১৮ জুলাই অভিষেকের অফিসে বুলডোজার চলতেই উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় বিজেপি কর্মীদের। তাঁদের অনেকেই অভিষেকের আমতলার অফিসের সামনে ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কী জয়’ স্লোগানও দিতে থাকেন। এরপর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ঢুকে পড়েন অভিষেকের অফিসে। এরপর হাতুড়ি দিয়ে তাঁরাও ভাঙচুর চালান। এ ছাড়া অভিষেকের অফিসে ঢুকে ভাঙচুর করেন স্থানীয় বিজেপি কর্মীরাও। সকলকে সরিয়ে দেয় পুলিশ।
পাশাপাশি বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে তাড়া করতেও দেখা যায়। ওই সাংসদ কার্যালয়টি নথিভুক্ত লিপস অ্যান্ড বাউন্ডসের নামে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কাছে বেআইনি নির্মাণের অভিযোগ দায়ের। লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির নামে নোটিস। শুনানির জন্য ৩০ জুন ও ৭ জুলাই জোড়া নোটিস পাঠানো হয়। ১৫ জুলাই শুনানিতে ডাকা হলেও কেউ আসেননি, দাবি জেলা প্রশাসনের। এরপরই বুলডোজার দিয়ে ওই অফিস গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার ৫ তলা কার্যালয়ে বুলডোজার চলার দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে যাওয়া বিধায়ক-সাংসদদের চ্যালেঞ্জ ছুড়তে দেখা যায় অভিষেককে। তিনি বলেন, ‘যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, তা হলে ২০২৪ সালে জয়ও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বলবেন? যদি আমাকে নিয়ে কারও সমস্যা থাকে, আমি তাঁদের চ্যালেঞ্জ করছি, ৬০ জন বিধায়ক চলে গিয়েছেন, কিছু লোক গিয়েছেন, ২০জন সাংসদ গিয়েছেন। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত আসুন, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব।’
