হাওড়া: মাত্র ২০ হাজার টাকার জন্য বিপাকে পড়লেন সরকারি ইঞ্জিনিয়ার। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও। রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা ঘুষ চান অভিযুক্ত, কিছু টাকা আগেই নিয়ে নেন তিনি। কিন্তু এবার আর ভাগ্য সায় দেয়নি। ঘুষের অভিযোগ পাওয়ার পর ফাঁদ পাতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ-এর অধিকারিকরা। আর ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হন উলুবেড়িয়া পুরসভার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার।
পুলিশ সূত্রে খবর, ধৃত ইঞ্জিনিয়ার উলুবেড়িয়া পুরসভায় কর্মরত। অভিযোগ, বেআইনি ভাবে সরকারি কিছু কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এক ঠিকাদারের থেকে ৫০ হাজার টাকা ঘুষ চান। ঘুষ দিতে রাজিও হয়ে যান ওই ঠিকাদার। আগেই UPI-এর মাধ্যমে ১০ হাজার টাকা দেন তিনি। বাকি টাকা পরে দেবেন বলে জানিয়ে ঘুষের ব্যাপারে অভিযোগ জানান তিনি। সেই মোতাবেক শুক্রবার রাজ্য দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা ফাঁদ পাতেন এবং ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেন। তারপর তদন্তকারীরা অভিযুক্ত ব্যক্তির হাত সোডিয়াম কার্বনেট মিশ্রিত জলে ডুবিয়ে পরীক্ষা করেন।
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনায়ও ঘুষ নিতে গিয়ে পাকড়াও হয়েছেন এক সরকারি অফিসার। বাগদায় ২৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক সরকারি রেভিনিউ ইনস্পেক্টর। জানা গিয়েছে, দুর্নীতি দমন শাখার অভিযানে গ্রেফতার হয়েছেন BL&LRO (Block Land and Land Reforms Officer)। জমির চরিত্র বদলের আবেদনের জন্য ঘুষ চেয়ে হাতেনাতে পাকড়াও হয়েছেন চন্দন মণ্ডল নামে এই সরকারি আধিকারিক। আবার কয়েকদিন আগেই ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন দু’জন সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশনের নামে ১০ হাজার টাকা ‘ঘুষ’ নিচ্ছিলেন ওই ২ সিভিক ভলান্টিয়ার। ঘুষ নেওয়ার সময় একদম হাতেনাতেই তাঁদের পাকড়াও করেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা।
আবার কিছু দিন আগেই, পূর্ব মেদিনীপুরে হাতেনাতে পাকড়াও হন আরও এক সিভিক ভলান্টিয়ার। মাত্র ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হন ওই সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়ার পূর্ব মেদিনীপুরের ডিআইবি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাইয়ে দেবে বলে টাকা সংগ্রহ করছিলেন এই সিভিক ভলান্টিয়ার।
Madhyamgram News | বিজেপির একাংশের বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
