Rudranil Ghosh on Swarup Arrest: ‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
কলকাতা: টলিউডে দীর্ঘদিন কাজের সুযোগ পেতেন না তিনি। সবসময়েই বলে এসেছেন, বিরোধী রাজনীতি করার জন্য, বহু কাজ হাতছাড়া হয়েছে তাঁর। আর এই গোটা বিষয়টা নিয়ে বারে বারে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) যাঁর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তিনি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। দীর্ঘ একটা সময় ধরে ফেডারেশন, টলিউড যে তাঁরই অঙ্গুলিহেলনে চলেছে, এটা সবারই জানা। তবে আজ, তোলাবাজি থেকে শ্লীলতাহানি, একাধিক অভিযোগে গ্রেফতার হলেন অরূপ বিশ্বাসের ভাই। আর তারপরেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ! কী বললেন তিনি?
গ্রেফতার স্বরূপ বিশ্বাস, কী বলছেন রুদ্রনীল?
স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই রুদ্রনীলের সাফ প্রতিক্রিয়া, ‘যা হয়, ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ও নির্দেশে এই ২ ‘বিশ্বাস ব্রাদার্স’, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস টলিউডকে কলুষিত করেছিল.. ফেডারেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারে সম্পূর্ণ অবৈধভাবে বসে, যেভাবে, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান্স, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল, তা সবার জানা। সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে যে নিয়ম নেই, মনগড়া সেইসব ধরণের নিয়ম তৈরি করে, প্রযোজকদের ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন। বহু প্রযোজক চলে গিয়েছেন। বাইরে থেকে আর প্রযোজকেরা এখানে শ্যুটিং করতে আসেন না। তাঁর নিয়ম যদি কোনও টেকনিশিয়ান্স, কোনও প্রযোজক, কোনও শিল্পী না মানতেন.. তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও। এটাই ছিল তাঁদের নিয়ম নীতি।’
রুদ্রনীল আরও বলেন, ‘আপনারা জানেন, নিশ্চয়ই মনে আছে, ২০২১ সালে এটা নিয়ে আমি যখন বড় করে কথা বলেছিলাম.. বলেছিলাম টলিউডে মাফিয়ারাজ চলছে যা ইন্ডাস্ট্রির ক্ষতি করছে, সর্বনাশ হয়ে যাচ্ছে.. সেই কথা জানার পরে স্বরূপ বিশ্বাস আমার টেকনিশিয়ান্স ভাইদের বাধ্য করেছিল বুকে কালো ব্যাজ পরে টেকনিশিয়ান্স স্টুডিও থেকে উত্তমকুমারের মূর্তি অবধি টলিগঞ্জে মিছিল করতে। আর সেই মিছিল থেকেই একজন টেকনিশিয়ান ভাই আমায় ফোন করে ক্রন্দনাতুর গলায় বলেছিল, ‘ভাই, তুই সত্যি কথা বলেছিস বলে, তোর বিরুদ্ধে আমাদের হাঁটতে হচ্ছে। কারণ আমরা যদি না হাঁটি, আমাদের পেটের ভাত কেড়ে নেওয়া হবে।’ শুধুমাত্র টেকনিশিয়ান্স নয়, বন্ধুবান্ধবদের মধ্যে সম্পর্ক খারাপ করা, কর্মী কর্মীর সঙ্গে সম্পর্ক খারাপ করা, বিভিন্ন রকমের লুঠ.. টলিউডের অলিন্দে কান পাতলেই সেই সব খবর শোনা যায়। ফেডারেশনকে ব্যবহার করে কীভাবে স্বরূপ বিশ্বাস টাকা তোলার জন্য চাপ দিতেন, তা সবারই জানা।’
