Swarup Biswas News: অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!
কলকাতা: তোলাবাজি থেকে শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। নিউ আলিপুরে পাকড়াও প্রাক্তন ফেডারেশন সভাপতি। মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে। স্বরূপ বিশ্বাসকে থানায় নিয়ে আসা হয়েছে, এই খবর ছড়িয়ে পড়ার পরেই সেখানে এলাকার মানুষেরা হাজির হন। সমস্যার শুরু হয়, স্বরূপ ঘনিষ্ঠ এক ব্যক্তির ফুলের তোড়া নিয়ে আসাকে কেন্দ্র করে। এরপরেই সেখানে জমায়েত হন স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হয়।
স্বরূপ বিশ্বাসকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান!
এদিন স্বরূপ বিশ্বাসকে রাত ১০টা গ্রেফতার করে প্রথমে নিউ আলিপুর থানায় রাখা হয়। এরপরে তাঁকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপরে স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানাতেই ফিরিয়ে আনার কথা ছিল। তবে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখার পরে, ফের নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসা খুব একটা নিরাপদ বলে মনে করেনি পুলিশ। সেই কারণে, আজ রাতে স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। আজ রাতে সেখানেই রাখা হবে তাঁকে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে। আজ স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করানোর জন্য থানার বাইরে নিয়ে আসা হলেই, সাধারণ মানুষ, স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে ধরেন। স্বরূপ বিশ্বাসের উদ্দেশে ধেয়ে আসে, ‘চোর চোর’ স্লোগান। গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে ডিম ও! কোনোমতে পুলিশের গাড়ি করে স্বরূপ বিশ্বাসকে নিয়ে বেরিয়ে যায় পুলিশ।
স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই ক্ষোভের বিস্ফোরণ
এর আগে, সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে ছোড়া হয়েছিল ডিম, পাথর। কোনোমতে সেই পরিস্থিতি থেকে বের করে আনা হয় অভিষেককে। আর এবার, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই থানার সামনে ডিম নিয়ে এসে হাজির হয়েছেন একাধিক ব্যক্তি। এদিন তাঁরা বলেন, ‘আমরা জানি, ডিম ছুড়ে মারলে লাগে না। আমরা তাই, নোংরা ব্য়ক্তির জন্য ভাল ডিম নিয়ে এসেছি। এটা উপহার।’ পাশাপাশি এক মহিলা অভিযোগ করেন, তাঁর ছেলেকে মারধর করেছে স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠরা। এলাকা থেকে একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে, লরি থেকে শুরু করে কেউ যদি নিজের বাড়ির ২ তলা পর্যন্ত তুলতে চাইতেন, সেক্ষেত্রেও দিতে হত কাটমানি। এলাকার বাসিন্দারা কার্যচ ক্ষোভে ফেটে পড়েন। এদিন স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ও ওঠে ‘চোর চোর’ স্লোগান।
