Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কলকাতা: আগামী ১৭ অগস্ট থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ১২ অগস্ট তিনি জানিয়েছেন যে কারা কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সব মহিলারা মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন, পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু সেখানেও একটা বিষয় আছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ১০ হাজারের বেশি উপার্জন করলেও অনেক এমন মহিলাও আছেন, যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
আরও পড়ুন: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যে মহিলা নিজে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন, তাকেও এই বিবেচনার মধ্যে প্রাথমিক ভাবে নিয়ে আসা হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যে পরিবারের পুরুষরা ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন, সেই বাড়ির মহিলারা বিবেচিত হবেন।”
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের যাঁরা যোগ্য বিবেচিত হয়েছেন তাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডার টেকিং, পঞ্চয়েত বা পৌরসভা, সরকারি বা সরকারি সাহাজ্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানএর শিক্ষক বা শিক্ষকর্মী, স্থানীয় সরকারি চাকরিতে যুক্ত বা পেনশন পান; এঁরা এর মধ্যে থাকবেন না। তা ছাড়া যে পরিবার আয়কর দেয়, অর্থাৎ আয় বছরে ১২ লক্ষ টাকা সেই পরিবার এই কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না।”
মুখ্যমন্ত্রী বলেন যোগ্যরা টাকা পাবেন। শুভেন্দু অধিকারী বলেন, “অনেকের অভিযোগ ছিল, যাঁরা যোগ্য নয়, তাদেরও দিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি। যে কাজ আগামিকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্যে দিয়ে ইতিমধ্যে যাঁরা ভেরিফায়েড হয়েছেন, সেই সংখ্যাটা গত মাসের থেকে অনেক বেশি। অর্থ দফতর ১৭ তারিখ থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকবে। যাঁরা ভেরিফায়েড হলেন তাঁরা মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন।”
