Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে অভিযোগ তৃণমূলের; অভিযোগ ওড়াল BJP, মমতা যে নিরাপত্তা পান, তাই দেওয়া হচ্ছে, বলছে পুলিশ সূত্র
আবির দত্ত, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন ডেরেক ও ব্রায়েন। সূত্রের খবর, এরপরই নিরাপত্তার দায়িত্বে আসা পুলিশকর্মীদের বাড়ি থেকে চলে যেতে বলেন ক্ষুব্ধ তৃণমূলনেত্রী। যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বদল করা হয়েছে বলে অভিযোগ করল তৃণমূল। বুধবার সন্ধেবেলা তাঁর দায়িত্বে থাকা ৩জন PSO-কে বদলে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক’ও ব্রায়েন। সূত্রের খবর বিষয়টি জানতে পেরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূলনেত্রী। বাড়ি থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের চলে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস ক্যাটিগরির সুরক্ষা পান তিনি। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকে কমব্যাট ফোর্স, হাউস গার্ড ও কনভয়। বুধবার সকলে চলে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা হ্রাস? কি বলছে বিজেপি?
রাজ্যসভার সাংসদ ডেরেক’ ও ব্রায়েন অভিযোগ করে বলছেন, ‘আজকে ৭টা নাগাদ, মমতাদির PSO-যাঁরা আছেন, তিনজন, প্রায় ২০ বছরেরও বেশি, যখন উনি প্রথম MP হয়েছিলেন। ওদের ৭টার সময়ে অফিসে ডাকা হয়েছে, আমাদের কাছে যা খবর, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। ২০ বছরের PSO সরিয়ে দিয়েছ, তিন, চার, পাঁচজনকে পাঠিয়েছ, অচেনা রাত নটায়।’ যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে।
শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন, ‘ডেরেক রা পেরেক মেরে দিয়েছে তৃণমূলের কফিনে, তারপরে এই সমস্ত আজেবাজে কথা বলে কেন। আজকে তৃণমূলের এই হাল ডেরেকদের জন্য, (পুলিশের) তো বদলের চাকরি, কলকাতা পুলিশ গেছে তাদের বলছে বিজেপির পুলিশ, তাহলে ১৫ বছর ডেরেককে পাহারা দিয়েছিল তৃণমূলের পুলিশ? রাজনীতি না করা মানুষরা রাজনীতিতে এলে আর কিছু না করে পেয়ে গেলে, তাঁদের এই সমস্ত লম্বা, চড়াও কথাবার্তা হয়ে, অরাজনৈতিক কথাবার্তা হয়।’
তৃণমূলের তরফে জানানো হয়েছে, বেসরকারি নিরাপত্তারক্ষী, ২ জনকে মোতায়েন করা হয়েছে। তাঁরাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র নিরাপত্তারক্ষী। ডেরেক ও ব্রায়েন একটি ভিডিও পোস্ট করে দেখান, বেসরকারি নিরাপত্তারক্ষী আসা পর্যন্ত নিজের গাড়ি দিয়ে গেট আটকে রাখেন তিনি। বেসরকারি নিরাপত্তারক্ষী আসার পরে নিজে হাতে গেটে তালা দেন ডেরেক’ও ব্রায়েন। বেসরকারি নিরাপত্তারক্ষীদের বলে দেন রাতে কেউ এসে গেট না খুলতে। যদিও পুলিশ সূত্রে খবর, জেড প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন সেই নিরাপত্তাই দেওয়া হচ্ছে।
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, ‘এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত, কে PSO থাকবেন, সেটা তো পুলিশ ঠিক করবে। আমার PSO যিনি ছিলেন ২০ বছর , ৩০ বছর, তাঁকেই রাখতে হবে এটা কোন আইনে আছে? সেটাই বা কীকরে মেনে নেওয়া যাবে? তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) নিরাপত্তা তো কমানো হয়নি। তাঁর নিরাপত্তা যেমন আছে তেমনই থাকবে।’
এর মধ্যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও উঠোন আড়াল করার জন্য ভিউ কাটার বসানো হয়েছে। ভিউ কাটার এমনভাবে লাগানো হয়েছে, বাড়ির ভিতর কারা আসছে, যেন দেখা না যায়, পুলিশ বলছে নিরাপত্তার কারণ, কিছুদিন আগে কুণাল ঘোষকে ডিম মারা হয়, সেই আবহে এই প্রচেষ্টা। এই অভিযোগ নিয়ে জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।
A shocking new low in POLITICAL VENDETTA.
What exactly are you plotting, @SuvenduWB?
Removing the long-serving security personnel protecting @MamataOfficial is not administrative action, it is a CALCULATED MOVE TO ISOLATE AND ENDANGER HER.
Your obsession with vendetta politics… pic.twitter.com/GpHlfJH6S9
— All India Trinamool Congress (@AITCofficial) June 17, 2026
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
