কলকাতা: রাজ্যের পুলিশি পরিকাঠামো ঢেলে সাজাতে বড় উদ্যোগ সরকারের। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়াতে একসঙ্গে ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকাররের। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। চালু করেন ১১২ নম্বরটি। অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ, জরুরি পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছনো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। আর এই সভা থেকে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, রাজ্যের পুলিশ কর্মীরা পুজোর মাসে কবে অক্টোবরের অগ্রিম টাকা পাবেন, তা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শুধু বেতন নয়, মিলবে বর্ধিত DA-ও।
মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের পাশাপাশি গ্রামীণ আর প্রত্যন্ত এলাকাতেও পুলিশি-নজরদারি বাড়াতে ব্যবহার করা হবে নতুন যানবাহনগুলো। বিশেষ করে সংকীর্ণ রাস্তা, ঘনবসতিপূর্ণ এলাকা ও দুর্গম অঞ্চলে দ্রুত পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে মোটরবাইকগুলো। পাশাপাশি, ১১২ ডায়াল করে জরুরি পুলিশি সহায়তা পাওয়ার ব্যবস্থাকেও আরও শক্তিশালী করার উপরে জোর দিল রাজ্য সরকার। তিনি বিরোধীদের কটাক্ষ করে জানান, ”তৃণমূলের কারণে পশ্চিমবঙ্গে চালু হয়নি ১১২। এখন থেকে ১১২ নম্বরে ফোন করলেই মিলবে জরুরি পরিষেবা। আমি পুলিশমন্ত্রী হতেই সমস্যার সমাধান হল।”
এই সভা থেকেই বর্ধিত ডিএ এবং অগ্রিম বেতন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”আমার পুলিশ কর্মী বন্ধুরা ২০ শতাংশ অতিরিক্ত DA সহ অক্টোবরের অগ্রিম বেতন মহাষষ্ঠীর আগে পেয়ে যাবেন।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালদার মথুরাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান অনুষ্ঠান থেকে সরকারি কর্মীদের ডিএ এবং বর্ধিত বেতন নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ”পুরোনো এরিয়ার DA দিয়েছি পেনশনার সহ। দুর্গাপুজোর আগে পুলিশ কর্মী, সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী সহ বাড়তি ডিএ সহ আগাম বেতন পেতে চলেছেন ১৬ অক্টোবরের আগে।” অন্যদিকে আবার, গত মাসে ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বর্ধিত ডিএ ও পুজোর মাসে বেতন নিয়ে বড় ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ” ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ DA গ্যাপ ছিল। একদিনে পারব না, সময় দিতে হবে। ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিবকে বলেছি যে, পুজোর আগে পুজোর মাসের বেতন দিতে আর সঙ্গে ২০ শতাংশ DA দিতে। ”
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
