‘অবিলম্বে ফ্রিজ করা হোক তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট’—ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি খোদ তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের !
সুমন দে
BREAKING NEWS:
‘অবিলম্বে ফ্রিজ করা হোক তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট’—ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি খোদ তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের !
সংসদীয় ও পরিষদীয় দলে বড় ভাঙনের কথা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিজেই জানাচ্ছেন চিঠিতে!
HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাচ্ছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সঙ্কটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছেন, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে,সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন,আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, দলের প্রতীক কার হাতে থাকবে, দলের সম্পত্তির অধিকার কে পাবে–তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে, সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক। না হলে আরও জটিলতা তৈরি হতে পারে।
ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনও ধরনের লেনদেন বন্ধ রাখা হোক–বলছেন খোদ দলের কোষাধ্যক্ষ!
অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল ‘কালীঘাট তৃণমূল।’ এমনিতেই ভোটের পর দল ভেঙে খান-খান হয়েছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও দলের মধ্যেও চ্যালেঞ্জের মুখে। তার ওপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল সত্যি-সত্যিই ফ্রিজ হলে তা থেকে তৈরি হতে পারে চরম আর্থিক সঙ্কট! দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসের চিঠিকে নিঃসন্দেহে মান্যতা দিতেই পারে ব্যাঙ্ক।
সবচেয়ে বড় কথা, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরামর্শক্রমে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস?
৩ বার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আজ কি উপস্থিত হবেন বিধাননগর দক্ষিণ থানায়? আর দুষ্টু লোকেরা প্রশ্ন করতেই পারে, এবার হাজির হলে তাহলে কি ধরে নেয়া যাবে যে সেই হাজিরার সঙ্গে এই চিঠি লেখার কোনও সম্পর্ক থাকলেও থাকতে পারে ?
