Ashok Dinda: ‘মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি’, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
কলকাতা: দু’বারের বিধায়ক। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের ভরা বাজারে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ময়না থেকে। সেখান থেকে মানুষের আশীর্বাদে জয়ী হয়েছিলেন। বিজেপি এবারও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বাংলা ক্রিকেটের বহু যুদ্ধের সৈনিক অশোক দিন্দাকে টিকিট দিয়েছিল। এবারও তিনি জিতেছেন বিপুল ভোটে। আর প্রথমবার বাংলায় বিজেপি সরকারের মন্ত্রীসভাতেও জায়গা করে নিলেন প্রাক্তন এই ক্রিকেটার। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন অশোক দিন্দা।
মন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতিতে কখনও আসিনি। দল যেমন যেমন দায়িত্ব দিয়েছে। যে যে কাজ করতে বলেছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যে কাজ ধরি, সেটা পূরণ করার চেষ্টা করেছি। ২০২১ সালে আমরা বিরোধী আসনে ছিলাম। এখন আমরা সরকারে। আমাদের দায়িত্ব বেড়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়োচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এভাবে দৌড়ে ওঁনাকে সাহায্য করতে পারি, দায়িত্ব সম্পূর্ণ করতে পারি, সেটাই লক্ষ্য।’
কী ধরণের দায়িত্ব পেতে চান? দিন্দা কিন্তু পুরোটাই মুখ্যমন্ত্রী ও দলের ওপর ছেড়ে দিলেন। বাংলার প্রাক্তন পেসার বলছেন, ‘আমাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা পার্টি ঠিক করবে। এটা মুখ্যমন্ত্রী ও পার্টির সিদ্ধান্ত। আজ শুধু শপথ গ্রহণ হয়েছে।’
