কলকাতা: গ্রেফতার স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার রাত ১০টার কিছু আগে তাঁকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হল, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে। রাজ্যে সরকার বদলের আগে পর্যন্ত, কার্যত টলিউডের সর্বেসর্বা হয়ে বসেছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি, কিন্তু এতদিন তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অনেকে অভিযোগ করতেন। আর এবার, ফেডারেশন সভাপতিকে নিউ আলিপুর থেকে গ্রেফতার করল পুলিশ। আর তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ।
গ্রেফতার স্বরূপ বিশ্বাস, শুনেই ডিম নিয়ে হাজির স্থানীয়রা!
এদিন নিউ আলিপুর থানার ভিতরে স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই থানার বাইরে ভিড় জমাতে শুরু করে স্থানীয়রা। প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন। তোলাবাজি থেকে শুরু করে শ্লীলতাহানি, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলায় রুজু হয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন থানায় বেশ কিছুক্ষণ রাখার পরে, স্বরূপ বিশ্বাসকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আর তারপরেই, থানার সামনে ডিম নিয়ে হাজির হন একাধিক ব্যক্তি।
স্বরূপকে ‘চোর চোর’ স্লোগান
এর আগে, সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে ছোড়া হয়েছিল ডিম, পাথর। কোনোমতে সেই পরিস্থিতি থেকে বের করে আনা হয় অভিষেককে। আর এবার, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই থানার সামনে ডিম নিয়ে এসে হাজির হয়েছেন একাধিক ব্যক্তি। এদিন তাঁরা বলেন, ‘আমরা জানি, ডিম ছুড়ে মারলে লাগে না। আমরা তাই, খারাপ ব্য়ক্তির জন্য ভাল ডিম নিয়ে এসেছি। এটা উপহার।’ পাশাপাশি এক মহিলা অভিযোগ করেন, তাঁর ছেলেকে মারধর করেছে স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠরা। এলাকা থেকে একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে, লরি থেকে শুরু করে কেউ যদি নিজের বাড়ির ২ তলা পর্যন্ত তুলতে চাইতেন, সেক্ষেত্রেও দিতে হত কাটমানি। এলাকার বাসিন্দারা কার্যচ ক্ষোভে ফেটে পড়েন। এদিন স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ও ওঠে ‘চোর চোর’ স্লোগান।
আরও পড়ুন:Jeetu-Shirin: জিতুর সঙ্গে সত্যিই শিরিনের সম্পর্ক তলানিতে? ধারাবাহিক শেষে নায়িকার পোস্টেই স্পষ্ট সবটা
