CM Suvendu Adhikari: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়ায় বিজেপির পার্টি অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়ায় বিজেপির পার্টি অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর এবার ভবানীপুরের বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির পার্টি অফিসের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের পাড়ায়। প্রসঙ্গত উল্লেখ্য, এমন দিনে বিজেপির এই পার্টি অফিস উদ্বোধন হল, যেদিন তৃণমূল কংগ্রেস দলটাই কার্যত ভেঙে খানখান হয়ে গিয়েছে। তৃণমূলের জয়ী ৮০জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ৫৮ জনের এই দল বর্তমানে ‘নতুন তৃণমূল’, রাজ্যের বিরোধী দল।
তৃণমূলের সই জালিয়াতিকাণ্ড যাঁরা সামনে এনেছিলেন, সেই ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও সন্দীপন সাহার হাত ধরেই, তৈরি হল নতুন তৃণমূল। ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কেই বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। দলের তরফে জানানো হয়েছে, রাজ্য, জেলা, ব্লক স্তর-সহ তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। বুধবার রাজনীতিতে নতুন চমক, তৃণমূল যাঁকে বহিষ্কার করেছিল, সেই ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কেই বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা।
‘অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই’, বিরোধী দলনেতা হয়ে বললেন ঋতব্রত
অন্যদিকে, আজ বিরোধী দলনেতা হিসেবে সাংবাদিক বৈঠক করার সময় ঋতব্রত বলেন, ‘অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই।’ এর পাশাপাশি ঋতব্রত এও বলেছেন যে, ‘মমতাদিকে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ করব।’ ঋতব্রত এও বলেছেন, ‘আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়।’ এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক প্রসঙ্গে এও বলেছেন, ‘অভিষেকের সঙ্গে জনতার কোনও সম্পর্ক নেই। মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে লুকিয়ে বসে থাকতেন না। চোরের মতো মার খাওয়ার পর কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছেন অভিষেক।’
‘মেয়র পদ ছাড়তে ফিরহাদকে সম্মতি মমতার’, দাবি কুণাল ঘোষের, আর কী বলছেন বেলেঘাটার বিধায়ক
এবারের বিধানসভা নির্বাচনে দু’টি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে ভোটে লড়েছেন তিনি। দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন তিনি। নন্দীগ্রামে পরাজিত করেছেন তৃণমূলের পবিত্র করকে। আর ভবানীপুরে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৫ হাজার ১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রাপ্ত ভোট ৭৩ হাজার ৯১৭.
