বিগত সরকারের আমলে সম্ভাব্য দিনক্ষণ ঘোষণার পরেও নানা জটিলতায় চিতা বাঘ আনা যায়নি পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু-তে। সেই আটকে থাকা প্রকল্পেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিলমোহর দিয়েছেন। চলতি শীতের মরশুমে জোড়া চিতা বাঘ আসছে পুরুলিয়ার চিড়িয়াখানায়। শহর পুরুলিয়ার উপকণ্ঠে সুরুলিয়া মিনি জু-তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেন্টার থেকে একটি পুরুষ ও একটি মাদি চিতা বাঘ আনা হচ্ছে। ৯ বছরের পুরুষ চিতাবাঘের নাম ‘লক্ষ্য’। ১১ বছরের মাদি চিতাবাঘ ‘ঢালিয়া’। ফলে নতুন বছরের গোড়াতেই দুই চিতাবাঘকে দর্শন করতে পারবেন জেলার পর্যটকরা। সেই সঙ্গে এই মিনি জু’কে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ দিয়ে তৈরি হবে ‘এশিয়াটিক লায়ন সাফারি’, যা জঙ্গলমহলে এই প্রথম। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার ওই চিড়িয়াখানা পরিদর্শন করেন বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ।

আরও পড়ুন:
বনমন্ত্রী জানান, “আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। খুব শীঘ্রই সুরুলিয়া মিনি জু’তে আমরা জোড়া চিতা বাঘ নিয়ে আসছি। এই চিড়িয়াখানার সম্প্রসারণ হবে। তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। সেই প্রকল্পে ‘লায়ন সাফারি’ হচ্ছে।” এদিন বনমন্ত্রীর সঙ্গে ছিলেন বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী
দিবাকর ঘরামি-সহ অন্যান্য আধিকারিকরা। জোড়া চিতাবাঘ নিয়ে আসার বিলম্বের মতোই পূর্ণাঙ্গ চিড়িয়াখানা গড়ার ফাইলও বছরের পর বছর আটকে ছিল। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে নব রূপে ওই পূর্ণাঙ্গ চিড়িয়াখানার মাস্টার প্ল্যান ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির কাছে চলতি বছরের ২৮ ডিসেম্বরের মধ্যে জমা পড়ে যাবে। পূর্ণাঙ্গ চিড়িয়াখানার মাস্টার প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ‘লায়ন সাফারি’। এই নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।
বাম আমলে ১৯৯৮ সালে ৬.৯ হেক্টর জমিতে তৈরি হওয়া ডিয়ার পার্ক ২০০৫ সালে মিনি জু-র রূপ পায়। তারপর তৃণমূল জমানায় চিতা বাঘ নিয়ে আসা থেকে মিনি জু-কে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ দেওয়ার জন্য মাস্টার প্ল্যান জমা পড়লেও কাজের কাজ কিছুই হয়নি। এবার নতুন ভাবে মাস্টার প্ল্যানে এই চিড়িয়াখানাকে সম্প্রসারণ করা হচ্ছে। চিড়িয়াখানা চত্বর ৫২.৬ হেক্টর বাড়ানো হচ্ছে। ফলে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার আয়তন হবে
মোট ৫৯.৫ হেক্টর। ওই ‘লায়ন সাফারি’-র জন্য সম্প্রসারিত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ২০ হেক্টর জমির প্রয়োজন হবে। এই সম্প্রসারিত চিড়িয়াখানায় থাকতে পারবেন পর্যটকরাও। তৈরি হবে পর্যটক আবাসস্থল থেকে ৪ টি নতুন ওয়াচ টাওয়ার। যদিও একটি ওয়াচ টাওয়ার আগে থেকেই রয়েছে। চিতা বাঘ নিয়ে আসার জন্য তৃণমূল জমানায় তৈরি হওয়া এনক্লোজার বারবার সংস্কার হয়েছে। কিন্তু চিতা আসেনি। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির বাস্তুকাররা একেবারে শেষ পর্যায়ের পরিদর্শন করে যান। খুবই সামান্য এনক্লোজার মেরামতি ও সিসিটিভি বসানোর কাজ বাকি রয়েছে, যা জানুয়ারির মাঝামাঝির মধ্যেই শেষ হয়ে যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
