পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। পুকুরে নৌকাডুবির ঘটনায় তলিয়ে মৃত্যু হল দুই বন্ধুর। মঙ্গলবার রাতে খাঁপুরের একটি পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে। বুধবার সকালে পুকুর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত দুই যুবকের নাম মৃগাঙ্ক ঘোষ ও পৃথ্বী সাহা। দু’জনেরই বাড়ি গঙ্গারামপুরে। তাঁদের সঙ্গে থাকা অন্য চার বন্ধু হলেন অর্ঘ্যদীপ সাহা, সৌরভ রাহা, সৌমক গুহ ও রাজু মালি। এই ৬ বন্ধু মিলে মঙ্গলবার রাতে খাঁপুরের ওই পুকুরের ধারে পিকনিক করতে গিয়েছিলেন। সেখানে খাওয়াদাওয়ার পর নেশা করেন তাঁরা। এরপর নৌকায় চেপে ৬ বন্ধু মিলে নৌকাবিহারে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাতের অন্ধকারে নৌকা নিয়ে পুকুরে নেমে পড়েন তাঁরা। জানা গিয়েছে, মাঝপথে নৌকাটি আচমকা ডুবে যায়। এর জেরে মৃগাঙ্ক ও পৃথ্বী জলে পড়ে তলিয়ে যান। বাকি ৪ জন কোনও রকমে প্রাণে বেঁচে যান।
নৌকাডুবির খবর পেয়ে এলাকার লোকজন পুকুরের সামনে ছুটে আসেন। রাতেই শুরু হয় দুই যুবকের খোঁজ। কিন্তু রাতে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকাল থেকে ফের নিখোঁজ যুবকদের খোঁজ শুরু হয়। কিছুক্ষণ পরেই দুজনের দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় গঙ্গারামপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। এটি কোনও দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নৌকায় থাকা বাকি ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
