কলকাতা: গ্রেফতারের পর জামিন অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। অভিযোগ , পথচারীকে যে গাড়ি ধাক্কা মারে, তাঁর স্টিয়ারিং যার হাতে ছিল, তিনি প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত বিডিও। প্রশান্ত বর্মনই , দত্তাবাদের স্বর্ণব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত। সেই মামলায় পুলিশের চার্জশিটে তাঁকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। সুপ্রিম কোর্ট তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও, তা তিনি করেননি। প্রত্যক্ষদর্শীর দাবি, এই অপসারিত বিডিও প্রশান্ত বর্মনই , সোমবার রাত ১০ টা নাগাদ নিউটাউনে একটা গাড়ি নিয়ে, দ্রুতগতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীর দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একজন পথচারীকে ধাক্কা মারে। এরপরেই স্কুটি চালক ও প্রত্যক্ষদর্শী গাড়িটিকে ধাওয়া করে আটকে দেন। এরপরেই গ্রেফতার করা হয় রাজগঞ্জের অপসারিত BDO প্রশান্ত বর্মনকে। যদিও ধাক্কা মারার মামলায় এদিন তাঁকে বারাসাত কোর্টে তোলা হলে জামিন দিয়েছেন বিচারক।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার ১১ বাংলাদেশি, ধৃতদের পাঠানো হল হোল্ডিং সেন্টারে
পরতে পরতে নাটক। প্রথমে বেপরোয়া গতিতে র্যাশ ড্রাইভিং। পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা। তারপর ফিল্মি কায়দায় ঘাতক গাড়িকে ধাওয়া করে প্রত্যক্ষদর্শী এক স্কুটি চালকের আটকে দেওয়া। সোমবার রাতে এমনই ঘটনা ঘটল ইকো পার্ক থানার নিউটাউনে। গোটা ঘটনায় নাটকীয় মোড় নিল গাড়ির চালকের পরিচয় সামনে আসার পর। প্রত্যক্ষদর্শীর দাবি, এই অপসারিত BDO প্রশান্ত বর্মনই সোমবার রাত ১০টা নাগাদ, নিউটাউনে একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীর দাবি, টাল সামলাতে না পেরে গাড়িটি একজন পথচারীকে ধাক্কা মারে। রাস্তার একদিকে ছিটকে পড়ে যান তিনি। তারপরই স্কুটি চালক এক প্রত্যক্ষদর্শী গাড়িটিকে ধাওয়া করে আটকে দেন।
প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ বলেন, ‘এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওঁর হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। উনি ধাক্কা মারার পরেও, বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরও উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওঁর সামনে স্কুটি লাগিয়েছি, ওঁকে আটকেছি, পুলিশ ডেকেছি। ‘এরপর প্রত্যক্ষদর্শী যুবককেও কার্যত শাসাতে দেখা যায় অপসারিত BDO প্রশান্ত বর্মনকে। ঘটনাস্থলে ইকো পার্ক থানার পুলিশ এলে, তাদের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন অপসারিত BDO। এরপরই রাজগঞ্জের অপসারিত BDO প্রশান্ত বর্মনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তার গাড়ি। অপসারিত BDO প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পথচারীকে গাড়ির ধাক্কা মারার অভিযোগে জামিনযোগ্য ধারায় মামলা হয়। বারাসাত আদালতে তোলা হলে তাঁকে জামিন দেয় বারাসাত আদালত।
