Voice of Eastern India

West Bengal Political News: তৃণমূল ছাড়ার হিড়িক, এবার কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদের এই নেতা, একাধিক জেলাতেও ফাটল


কলকাতা: রাজ্যের ক্ষমতা থেকে সরতেই তৃণমূল ছাড়ার হিড়িক। তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদের নেতা হাসানুজ্জামান বাপ্পা। 

বিধানসভা ভোটের কিছুদিন আগে কংগ্রেস ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। ভোটে তৃণমূল গোহারা হারতেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে পুরনো দল কংগ্রেসে ফিরলেন হাসানুজ্জামান বাপ্পা। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ বিভিন্ন জেলার ছাত্রনেতারাও তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে যোগ দিলেন ছাত্র পরিষদে। 

এদিকে, তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে মেখলিগঞ্জ পুরসভা। প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন মেখলিগঞ্জের তৃণমূল পুরপ্রধান। আরও ৫ তৃণমূল কাউন্সিলরও হাঁটতে চলেছেন তাঁর দেখানো পথে, এমনটাই দাবি করেছেন তৃণমূলত্যাগী পুরপ্রধান। তবে কি তৃণমূলের ঝালদা ও সাগরদিঘি মডেলের মধুর প্রতিশোধ নিতে চলেছে কংগ্রেস?

তৃণমূলত্যাগী নেতার হাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্কর সরকার বলেন, ‘মেখলিগঞ্জ পুরসভা উত্তরবঙ্গের ৯টি আসন নিয়ে এই পুরসভা। ৬ জন যাঁরা এই বোর্ডের ভিতরে আছেন, তাঁরা সবাই আজকে কংগ্রেসের আদর্শ-নীতি, রাহুল গান্ধীর যে লাগাতার লড়াই তাঁর সাথী হওয়ার জন্য তাঁরা কংগ্রেসের পতাকার নীচে এসে কাজ করতে চান, লড়াই করতে চান’।                                               

উত্তরবঙ্গের আরেক জেলা জলপাইগুড়িতেও তৃণমূলে ভাঙন ধরেছে। কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মলয় রায়। যিনি বর্ষীয়াণ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। সিপিএমের সঙ্গে জোট বেধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস।
কিন্তু সেই একমাত্র বিধায়ককেও ছিনিয়ে নেয় তৃণমূল। 

একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা। এবার তৃণমূলের রাজপাট খতম হওয়ার পর, মেখলিগঞ্জে তারই যেন মধুর প্রতিশোধ নিল কংগ্রেস।                                                                                                                               



Source link

Leave A Reply

Your email address will not be published.