হুগলি, তারকেশ্বর : নিরাপত্তার কারণে তারকেশ্বরে আপাতত রবিবার ও সোমবার সাউন্ড অ্যান্ড লাইট লেজার শো বন্ধ রাখার সিদ্ধান্ত। পালাবদলের পর শ্রাবণী মেলা উপলক্ষে দুধপুকুর এলাকায় ব্যবস্থা করা হয়েছে লেজার লাইট শো-এর। গত কয়েকদিন ধরেই সেই লেজার শো দেখতে ভিড় জমাচ্ছিলেন প্রচুর মানুষ। শ্রাবণ মাসের রবি ও সোমবার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে। তাই নিরাপত্তার কারণে রবি ও সোমবার লেজার শো বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের। তবে পালাবাদলের পর প্রথম শ্রাবণী মেলা ঘিরে সাজ সাজ রব। আলোকসজ্জায় মুড়ে দেওয়া হয়েছে গোটা তারকেশ্বর। বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত ৩৬ কিলোমিটার রাস্তায় লাগানো হয়েছে আলো। রাস্তার ধরে তৈরি হয়েছে একাধিক সেবা শিবির।
এই বছর শ্রাবণী মেলা আরও বিশেষ হতে চলেছে, এই মেলার জন্য এবং মেলায় আগত পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করবে সরকার, তা আগেই ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১ লা শ্রাবণ, ইংরেজি ১৮ই জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে শ্রাবণী মেলা। আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তার আগে, আজ রবিবার সকাল থেকেই বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে জল যাত্রীদের ভিড়। হাজার হাজার পূর্ণার্থী বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে, বাঁক কাঁধে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন তারকেশ্বরের দিকে। আর সেই কারণেই, এই ঘাটে এই বছর প্রথম করা হয়েছে বিশেষ আয়োজন।
বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট যেখান থেকে পূণ্যার্থী জল তোলেন, সেই ঘাটকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ঘাটে ওয়াটার অ্যাম্বুলেন্সের পাশাপাশি গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। তারকেশ্বর দুধ পুকুর স্পিড বোর্ড টহল দিচ্ছে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তারকেশ্বর শ্রাবণী মেলায়, জলযাত্রীদের উপর পুষ্প বৃষ্টি করা হবে। সেই মতো আজ তারকেশ্বর মন্দির চত্বর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পুষ্প বৃষ্টি করা হল হেলিকপ্টার থেকে। তারকেশ্বর এ অস্থায়ী হেলিপ্যাড গ্ৰাউন্ড থেকে ফুল নিয়ে কপ্টারে ওঠেন বিধায়ক সন্তু পান। বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তায় তারকেশ্বরে প্রবেশ করার প্রধান গেট থেকে শুরু হয় ভক্তদের মাথায় পুষ্প বৃষ্টি। এরপর সেই রাস্তা ধরে আকাশ পথে তারকেশ্বর এর বিভিন্ন এলাকা ও মন্দির চত্বর এলাকায় ঘুরপাক খেয়ে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়।
