PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
কলকাতা: মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নিজের এক্স পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, এটাই চাইব। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।’
তারাপীঠের পর এবার খাস কলকাতার হোটেলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইন-এ আগুন লেগে যায় আচমকাই। সূত্রের খবর, ইলেকট্রিক সুইচ বোর্ড থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ভিতরে আটকে দমবন্ধ হয়ে ১ শিশু-সহ ৯ জনের মৃত্যু, আহত ৬। ইতিমধ্য়েই অগ্নিকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গড়ল কলকাতা পুলিশ। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি বলে জানা গিয়েছে। সব মিলিয়ে হোটেল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।
কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত । এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে: প্রধানমন্ত্রী @narendramodi
— PMO India (@PMOIndia) August 19, 2026
এদিকে, বুধবার সকালেই অগ্নিকাণ্ডের তদন্তে হোটেলে পৌঁছেছে ফরেন্সিক টিম। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোটেলের বাসিন্দাদের অন্যত্র সরাল নিউ মার্কেট ও পার্ক স্ট্রিট থানার পুলিশ।
