Voice of Eastern India

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD – র বড় আপডেট


কলকাতা: টানা বৃষ্টিতে জেরবার পশ্চিমবঙ্গ। হাঁফিয়ে উঠছে কলকাতা। কিন্তু আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র বলছে,  দেশের উত্তর-পশ্চিম অংশে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়ার ছবিটা। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে.  বর্ষার জলীয় বাষ্পে ভরা বাতাসের জায়গা নিচ্ছে শুষ্ক উত্তর-পশ্চিম হাওয়া। ফলে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-NCR, রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামী দিনে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সরতে শুরু করেছে, যা আদতে বর্ষা বিদায়ের সঙ্কেত। তাহলে কি এবার আগেভাগেই বিদায় নেবে বর্ষা , কোনও বড় আপডেট?

আবহাওয়া দফতর সূত্রে স্পষ্ট বার্তা, দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে মৌসুমী বায়ু সরতে শুরু করলেও, আপাতত পশ্চিমবঙ্গে তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের ছবি এখন সম্পূর্ণ  আলাদা। বাংলায় এখনও বর্ষা যথেষ্ট সক্রিয়। বরং বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। ফলে উত্তর-পশ্চিম ভারতে যখন বর্ষা বিদায়ের ইঙ্গিত, তখন বাংলায় বর্ষার দাপট এখনও যথেষ্ট জোরালো।

দেশের কোথায় বর্ষা দুর্বল হচ্ছে?

ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-সূত্রে খবর,  যতই বৃষ্টি হোক না কেন, হিসেব বলছে ৪ জুন থেকে দেশের সামগ্রিক বৃষ্টির ঘাটতি প্রায় এখনও ১৩ শতাংশ। তবে সব  রাজ্যে একই পরিস্থিতি নয়। পশ্চিম ও মধ্য ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি হলেও গাঙ্গেয় সমভূমি, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণের উপদ্বীপ অঞ্চলের বেশ কিছু অংশে ঘাটতি রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই উত্তর-পশ্চিম ভারতে বায়ুমণ্ডলের চরিত্র বদলাতে শুরু করেছে। বর্ষার আর্দ্র বাতাসের জায়গায় ঢুকছে শুষ্ক উত্তর-পশ্চিমা হাওয়া। এর ফলে বাতাসে আর্দ্রতা কমবে, কমবে মেঘ তৈরির সম্ভাবনাও। স্বাভাবিকভাবেই কমতে পারে বৃষ্টির পরিমাণ। স্যাটেলাইটের ছবি বলছে, বর্ষার অক্ষ বা monsoon trough উত্তর দিকে সরে হিমালয়ের পাদদেশের কাছাকাছি অবস্থান করছে। উত্তর-পশ্চিম ভারতের ছবির সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কোনও মিল নেই।

১৭ অগাস্ট বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ এবং পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের কাছে তৈরি নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে বলে IMD সূত্রে খবর। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষার কার্যকলাপ সক্রিয় রয়েছে। IMD-এর ১৮ অগাস্টের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২১ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ অগস্ট থেকে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। অর্থাৎ, এই মুহূর্তে বাংলায় বর্ষা বিদায়ের কোনও সঙ্কেত নেই। বরং বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে।



Source link

Leave A Reply

Your email address will not be published.