Kolkata Metro: প্রায় দেড় কিলোমিটারের বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন, সুবিধা হবে কোথাকার যাত্রীদের?
কলকাতা: পার্পল রুটে এবার মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। প্রায় দেড় কিলোমিটারের বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন। বদলে যাচ্ছে প্রান্তিক স্টেশনও। মেট্রো রেলের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
বদলে যাচ্ছে প্রান্তিক স্টেশন
বছরের পর বছর আটকে থাকার পর, অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গেও জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা-ধর্মতলা মেট্রোর রুট সম্প্রসারণ করা হল। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা। মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা-জোকা রুট সম্প্রসারণের জন্য IIM জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। এই মুহূর্তে পার্পল লাইনে ৭ টি স্টেশন চালু রয়েছে। কাজ বাকি রয়েছে আরও ৫ টি স্টেশনের। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা।
খুলে গেল অরেঞ্জ লাইনের জট ও
চিংড়িঘাটার পরে মেট্রোর অরেঞ্জ লাইনে আরও একটি জট খুলে গেল। পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে ভিআইপি রোডের হলদিরাম এলাকায় কাজ করার অনুমতি পেল মেট্রো। এবার দ্রুত নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। চিংড়িঘাটায় মেট্রোর যে কাজ প্রায় ২ বছর ধরে আটকে ছিল, রাজ্যে বিজেপি সরকার আসার পর, তা মিটেছে মাত্র ১২০ ঘণ্টায়। এবার সেই অরেঞ্জ লাইনের আরও একটি জট খুলল। চিংড়িঘাটার পর VIP রোডের হলদিরাম চত্বরে কাজ করার অনুমতি পেল মেট্রো। অভিযোগ, ২ বছর আগে এই কাজের জন্য অনুমতি চাওয়া হলেও তৎকালীন রাজ্য সরকার অনমতি দেয়নি। বিজেপি সরকার আসার পরেই এই কাজের অনুমতি মিলেছে। রেল বিকাশ নিগম লিমিটেড একটি একমুখী রাস্তা তৈরি করছে। প্রায় ১৭৫ মিটার দীর্ঘ এবং ৯ মিটার চওড়া এই রাস্তা VIP রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই রাস্তা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। দীর্ঘদিন ধরে হলদিরাম উড়ালপুল সংলগ্ন এলাকায় অরেঞ্জ লাইনের শেষ দুটি পিলার নির্মাণে সমস্যা তৈরি হয়েছিল। ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রিত না করলে, কাজ এগোনো সম্ভব হচ্ছিল না।
আরও পড়ুন: Dev: ‘ফিরলাম সেখানেই, যেখান থেকে…’, ‘বিদ্রোহী’ হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
