District News: রেশন দুর্নীতিতে গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে এবার আরও গুরুতর অভিযোগ
কলকাতা: তৃণমূল নেতা শঙ্কর আঢ্য় ও তাঁর ভাই মলয় আঢ্য়র বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ। পালাবদলের পর এক ব্য়বসায়ীর অভিযোগ, তাঁর কারখানা দখল করে নিয়েছেন তৃণমূল নেতা ও তাঁর ভাইয়ের দলবল।
রেশন দুর্নীতিকাণ্ডে ED-র হাতে গ্রেফতার হয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ED। পালাবদলের পর এবার সেই দাপুটে তৃণমূল নেতা ও তাঁর ভাই মলয় আঢ্য়র বিরুদ্ধে উঠল চাঞ্চল্য়কর অভিযোগ। রাজা বিশ্বাস নামে এক ব্য়বসায়ীর অভিযোগ, উত্তর ২৪ পরগনার গাইঘাটায় তাঁর একটি আইসক্রিম কারখানা ছিল। তৃণমূলের আমলে শঙ্কর আঢ্য় ও মলয় আঢ্য়র দলবল তা দখল করে নেন।
https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10″>
অভিযোগকারী ব্য়বসায়ী রাজা বিশ্বাসকে আতঙ্কিত হয়ে বলতে শোনা যায়, ‘আমি বা আমার পরিবারকে হয়তো ওরা মেরেও দিতে পারে।’ ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘২০১৯ সালে রাতের বেলা আমাকে জোর করে শঙ্কর আঢ্য়র অফিসে জোর করে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে গিয়ে মলয় আঢ্যর নামে রেজিস্ট্রি করানো হয়। আমাকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি না করে দাও, তোমাকে, তোমার পরিবারের সকলকে শেষ করে দেব।’
হুমকি, হুঁশিয়ারির মুখে পড়ে গত কয়েক বছরে বারবার ঠিকানা বদলাতে হয়েছে বলে অভিযোগ এই ব্যবসায়ীর। ‘২০১৮ সালে জানুয়ারির ৫ তারিখ সকালবেলা সাড়ে-নয়টার সময় শঙ্কর আঢ্য় গুন্ডাবাহিনী পাঠিয়ে আমাদের বাড়ি থেকে সব বের করে দেওয়া হয় লোকজনকে। আমার মেয়ের বয়স তখন ৫ মাস। ছেলের বয়স ৫ বছর। বিভিন্ন জায়গায় ওদের ভয়ে থাকি।’
অভিযোগকারী ব্যবসায়ী রাজা বিশ্বাসের বাবা হরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘প্রাণ তো আগে না। নাতি, নাতনি তো আগে।’ তবে পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন ব্য়বসায়ী। এই ঘটনায় প্রতিক্রিয়ার জন্য শঙ্কর আঢ্য়কে ফোন করা হলে, তাঁর ফোন সুইচড অফ ছিল।
আরও পড়ুন:- আগামী ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে
এদিকে জমি হাতিয়ে নেওয়া, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে এদিন গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।
