Debangshu Bhattacharya: এই দিনের জন্য দলই দায়ী, তৃণমূলের বঞ্চিতদের যোগ্য সম্মান-জায়গা দিয়েছে বিজেপি : দেবাংশু
কলকাতা : তৃণমূলের বিদ্রোহী ব্লকে এবার নাম জুড়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এই প্রসঙ্গে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য বলছেন, ‘আমার আজকে সবচেয়ে বেশি খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময়ে শক্ত হাতে সামলাতে পারেনি। দল সুযোগসন্ধানীদের সুযোগ দিয়েছে। দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চেয়ে, অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে। সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই, আজকে দেখুন যাঁদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল, তাঁদের প্রত্যেককে উল্টো দিকের দল সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে, তাঁরা সেই জায়গা পেয়েছেন। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা ২ বছর বিজেপি করে তো তার চেয়ে ভাল জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে, তাপসদা যদি দল না ছাড়ত, তাপসদা শিল্প মন্ত্রী হলেন, একটা মন্ত্রীও করত দল? তখন এই সুদীপ ব্যানার্জিই আটকাতেন। সজল ঘোষকে একটা সামান্য কাউন্সিলরের টিকিট পেতে দেয়নি। কে পেতে দেয়নি? এই তো এই মানুষটাই। আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবেন। যদি কোনওদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তাহলে এই মানুষগুলোই আবার রাজত্ব করবে, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবে, তাঁদের ক্ষমাও করে দেওয়া হবে, আজকে যে কর্মীরা লড়াই করছেন তাঁদের এদের নামেই জিন্দাবাদ বলে ভোট করাতে হবে।’
এবার বিদ্রোহী ব্লকে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। বৈঠক করলেন অমিত শাহর সঙ্গেও। বিজেপির পাশাপাশি তৃণমূল সাংসদের সমালোচনায় সরব হলেন কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য। ভোটে পরাজয়ের পর থেকেই ভাঙছে তৃণমূল। একের পর এক ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দিল্লি হয়ে শতাব্দী রায়ের সঙ্গে গাড়িতে করে সোজা মোদি সরকারের হেভিওযেট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সই করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকায়। তারপর দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু যুগের সঙ্গী, বহু ওঠাপড়ার সাক্ষী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ। তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই তাপস রায় এখন শিল্পমন্ত্রী। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে বৈঠন করলেন। দেখা করলেন অমিত শাহর সঙ্গে। নাম লেখালেন বিদ্রোহীদের ব্লকে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
