Voice of Eastern India

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা


শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের তোলাবাজি কাঁটায় বিদ্ধ বিজেপি। দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কোচবিহারের বিজেপি নেতাকে। দলের নেতা বলে রেয়াত নয়, স্পষ্ট বার্তা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। তারপরও অভিযোগ থামছে না। এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল কোচবিহারের দাপুটে বিজেপি নেতাকে।

ধৃত বিশ্বজিৎ তালুকদার তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি। অভিযোগ, অসম-বাংলা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও পাথর বোঝাই ডাম্পার থেকে নিয়মিত মোটা অঙ্কের তোলা আদায় করতেন তিনি। এখানেই শেষ নয়। 

সম্প্রতি আলিপুরদুয়ারের এক ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলার টাকা না পেয়ে, ওই ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করারও অভিযোগ ওঠে ওই তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের বিজেপি সহ-সভাপতির বিরুদ্ধে। বক্সীরহাট থানায় বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। 

শুক্রবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানা। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয়েছে দলেরই একাংশ। কোচবিহারের বিজেপি নেতা কমল দাস বলেন, ‘উনি প্রতিদিন পণ্যবাহী গাড়ি থেকে মাছ, পোলট্রি, সুপারি এবং… গাড়ি যেভাবে যায় প্রতিনিয়ত উনি তোলাবাজি শুরু করে দিয়েছেন। গত পরশুদিন এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। উনি আজকে যেভাবে বিজেপির নাম ভাঙিয়ে তোলাবাজি করছে আমরা এরকম বিজেপি নেতা চাই না। তাঁর উপযুক্ত শাস্তি চাই।’ 

কোচবিহারের সহ সভাপতি বিরাজ বসু বলেন, ‘দলের যে কোনও কর্মী যদি অনৈতিক কাজ করে, তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে।’ এর আগে একাধিকবার তোলাবাজি থেকে দলের নেতা-কর্মীদের দূরে থাকার বার্তা দিয়ে কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে।             

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি ভুল বলছি।’ 

পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।                                               

 



Source link

Leave A Reply

Your email address will not be published.