Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
কলকাতা: কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কবে ঢুকবে টাকা, কাদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে এবং বিধবা ভাতা পেলে তাঁরা কি এই প্রকল্পের টাকা পাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ১৭ অগস্ট থেকে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে আসবে টাকা। পাশাপাশি, কারা টাকা পাবেন না, অভিযোগ থাকলে কোথায় ও কীভাবে জানাবেন, তা নিয়েও জানিয়ে দিলেন তিনি।

এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার (Annapurna Yojana) ক্ষেত্রে বেশ কিছু নিয়মও শিথিল করেছে রাজ্য সরকার। উদ্দেশ্য একটাই, যাতে আরও মহিলা এই আর্থিক যোজনার সুবিধা পান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট বলেন যে, “অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে এই মাসের ১৭ তারিখে। টাকা যে ১৭ তারিখ পাবেন তা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। আবেদনের ঝাড়ই বাছাইয়ের কাজ চলছে। তা এখন অন্তিম পর্যায়ে। আমরা বলে দেব, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য আর কারা অযোগ্য। মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে কথা বলে জানিয়ে দেব।”

এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অগাস্ট মাসের ১৭ তারিখ টাকা ঢোকার পাশাপাশি যোগ্য প্রাপকরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই যোজনার টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। তিনি বলেন, ‘১৭ তারিখ থেকে যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন’,’আমাদের সংকল্পপত্রেই আছে, যোগ্য দিদি, বোন, মায়েরা টাকা পাবেন।’ ‘এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে।’ ‘প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা মিলবে অন্নপূর্ণা যোজনার।’

মুখ্যমন্ত্রী জানান, ”২৫ থেকে ৬০-এর মধ্যে যারা ৩০০০ টাকার কম পেনশন পান, ধরুন বিধবা ভাতা পান, ১৫০০ টাকা হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১০০০ টাকা, তাদেরকে ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। এই ধরণের যত স্কিম রয়েছে মহিলাদের, যারা ৩০০০ টাকার কম পান, তাদের অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ”এক্ষেত্রে আমরা ২ নিয়ম শিথিল করছি। যারা দিব্বাঙ্গ ভাতা পান, তাঁরা দুটো ভাতা পাবেন। ১৫০০ টাকা যেটা অগাস্ট মাস থেকে হবে সেটা পাবেন, সঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও পাবেন। আর PM কিষান সম্মান নিধির ক্ষেত্রে। আমরা এই দুটো ক্ষেত্রে নিয়ম শিথিল করলাম।

আপনার যদি ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি থাকে, তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, ”৩ কক্ষ বিশিষ্ট বাড়ির ক্ষেত্রে অনেক মহিলার নাম আগে বাদ পড়ে গিয়েছিল। গ্রামীণ ক্ষেত্রে এই ৩ কক্ষের বাড়ির বিষয়টি শিথিল করা হয়েছে।”

আপনি যোগ্য কিন্তু টাকা ঢোকেনি। আবার কোনও একটি মাসে বাকিদের টাকা ঢুকলেও আপনার টাকা ঢোকেনি, এক্ষেত্রে কী করবেন সাধারণ মানুষ? এর উত্তরও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ”অর্থ ১৭ তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও একটি অভিযোগ পোর্টাল রাখব। যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারবেন। এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য জেলার বিডিওদের দায়িত্ব দেওয়া হবে। তারা হিয়ারিং নিয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিস্পত্তি করবেন।”

মুখ্যমন্ত্রী আরও জানান, ” ১৭ তারিখ টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পর, ২১ ও ২২ তারিখ পোর্টালটি চালু হয়ে যাবে। যেখানে যোগ্য হওয়ার পরও যারা টাকা পাননি তারা অভিযোগ করতে পারবেন। পাশাপাশি যারা অযোগ্য অথচ টাকা পাচ্ছেন, তাদের বিরুদ্ধেও এই পোর্টালে অভিযোগ করতে পারেন যে কেউ।”
Published at : 13 Aug 2026 03:14 AM (IST)
