Annapurna Yojana: অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা না আসলে কী করবেন? ফের আবেদন করা যাবে?
অন্নপূর্ণা যোজনার অগাস্ট মাসের কিস্তির অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মহিলা। ইতিমধ্যেই বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তবে এখনও অনেকের অ্যাকাউন্টে ৩০০০ টাকার কিস্তি পৌঁছয়নি।

ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। তবে টাকা না পাওয়া মানেই যে আবেদন বাতিল হয়েছে, এমনটা নয়। অধিকাংশ ক্ষেত্রেই ভেরিফিকেশন, ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা বা নথির অসঙ্গতির কারণেই টাকা পেতে দেরি হতে পারে।

যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না আসে, তাহলে প্রথমেই সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে নিজের আবেদন বা পেমেন্ট স্ট্যাটাস দেখে নিন।

Approved – আবেদন অনুমোদিত হয়েছে। Payment Under Process – টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। Pending Verification / Under Enquiry – আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। Rejected – আবেদন বাতিল হয়েছে এবং কারণও উল্লেখ থাকতে পারে।

কেন আটকে যেতে পারে টাকা? সরকারি তথ্য অনুযায়ী, একাধিক কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আটকে যেতে পারে। যেমন— আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে DBT (Direct Benefit Transfer) সংযোগ না থাকা। আবেদনপত্রে ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া। আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের তথ্যের মধ্যে অমিল।

আবেদন এখনও ভেরিফিকেশনের পর্যায়ে থাকা। আবেদনকারী প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে। ‘Under Enquiry’ বা ‘Payment Pending’ দেখালে কী করবেন?

যদি আপনার স্ট্যাটাস ‘Under Enquiry’ বা ‘Payment Pending’ দেখায়, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু আবেদন এখনও যাচাই করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হবে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও বহু আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তাই যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে টাকা দেওয়া হবে। ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, আবেদনকারীদের নিয়মিত নিজের স্ট্যাটাস পরীক্ষা করা এবং প্রয়োজন হলে নথির ভুল সংশোধন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Published at : 31 Jul 2026 04:31 PM (IST)
