অরিন্দম সেন, আলিপুরদুয়ার: টানা কয়েকদিনের আতঙ্কের অবসান। ফালাকাটার খাউচাঁদপাড়া এলাকার সুপ্রিয় চা বাগান থেকে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। মঙ্গলবার গভীর রাতে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে বাঘটি। বুধবার সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তি ফেরে, পাশাপাশি চিতাবাঘটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সুপ্রিয় চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘটির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্কে ছিলেন চা বাগানের শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বিবেচনা করে প্রায় তিন দিন আগে জলদাপাড়া বন দফতরের পক্ষ থেকে বাগানের ভেতরে একটি লোহার খাঁচা বসানো হয়। খাঁচার ভিতরে রাখা হয়েছিল ছাগলকে টোপ হিসেবে। মঙ্গলবার রাতে টোপের সন্ধানে খাঁচায় ঢুকে পড়ে চিতাবাঘটি। ঢোকার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় খাঁচার দরজা। বুধবার সকালে চা বাগান সংলগ্ন এলাকার বাসিন্দারা বিষয়টি দেখতে পান এবং বন দফতরে খবর দেন।
খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই সুপ্রিয় চা বাগানে মানুষের ভিড় বাড়তে থাকে। আশপাশের এলাকা থেকেও বহু মানুষ চিতাবাঘটিকে দেখতে সেখানে হাজির হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া বন দফতরের আধিকারিক ও কর্মীরা।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক পুরুষ। প্রথমে তার শারীরিক পরীক্ষা করা হবে। বাঘটি সুস্থ থাকলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আপাতত আতঙ্কমুক্ত খাউচাঁদপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। বন দফতরের তৎপরতায় স্বস্তি ফিরেছে গোটা এলাকায়।
