Voice of Eastern India

Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?


কলকাতা: মাঝরাতে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে ৯ জনকে। নিউ জায়গামার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হাজারো প্রশ্ন উঠে আসছে। কীভাবে এত ছোট জায়গার মধ্য়ে এভাবে মাথা গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল। এমনকী অনেক হোটেলে ফায়ার অ্য়ালার্ম, লিফ্টও ঠিকভাবে কাজ করছে না। জানা গিয়েছে, মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা, ১ জন শিশু।

এলাকা পরিদর্শনে এসে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছেন, ‘তিন-চার তলার বিল্ডিং। ১০টা গেস্ট হাউস চালানো হচ্ছিল। সেখানে ৬ জন পুরুষ ২ জন মহিলা ও একটি বাচ্চার মৃত্যু হয়েছে। ৮০ জনকে বাঁচানো গিয়েছে। আজকে পুলিশ ও দমকল দারুণ কাজ করছে। কিন্তু এই ধরণের হোটেল যাঁরা চালাচ্ছে, তাঁরা কীভাবে চালাচ্ছে। ট্রেড লাইসেন্স কীভাবে পেল? আমি CESC কে দায়ী করব। কীভাবে তারা অনুমতি দিল?’

তিনি আরও বলেন, ‘এই এলাকাতে প্রচুর এমন হোটেল আছে। যাঁরা অনৈতিকভাবে ট্রেড লাইসেন্স নিয়েছে। একটা এসি চালানোর কথা, দশটা এসি চালাচ্ছে। CESC কীভাবে অনুমতি দিল? ৯ জনের মৃত্যু হয়েছে ও ৮০ জনকে বের করা হয়েছে রাত দুটোর পর। আমাদের ১০০ দিন হয়েছে। আমরা টিম গঠন করছি। কেএমসি ও প্যান বাংলায় যে হোটেলগুলো অবৈধভাবে চলছে, তা বন্ধ করে দিন, নইলে আমরা বন্ধ করে দেব, এটা বলে দিলাম। আমরা ২৭টি বিল্ডিং ইতিমধ্যেই চিহ্নিত করেছি। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তৃণমূল সরকারের ওপরও ক্ষোভ উগরে দিলেন পুরমন্ত্রী। অগ্নিমিত্রা পাল বলেন, গত ১৫ বছর ধরে কোনও অডিট হয়নি। মাননীয় মুখ্যন্ত্রীর সঙ্গে কথা হবে। আমরা কেএমসি, দমকল, পুলিশ, পিডব্লিউডি যাঁরা যাঁরা আছেন, সবাইকে নিয়ে একটা দল গঠন করে এই চত্ত্বরের মধ্য়ে যাঁরা এই ধরণের হোটেল চালাচ্ছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা শুধুই কি বাংলাদেশি, না কি এখানকার, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়। পুলিশ দেখছে বিষয়টা। এরপরই জানা যাবে। পূর্বতন সরকার কী করেছেন? আমার জায়গায় যিনি ছিলেন তিনি কী করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কীভাবে ট্রেড লাইসেন্স দেওয়া হল? পেছনে যে এক্সিটের জায়গা ছিল, সেখানেও একটা অবৈধ বিল্ডিং গড়ে তোলা হয়েছে।’

উল্লেখ্য, হোটেল মালিক ও বেশ কয়েকজন হোটেল কর্মী পলাতক বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাঁদের খোঁজ চলছে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.