Voice of Eastern India

Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!


কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের হল আরও FIR! হিংসায় উস্কানির অভিযোগে এবার ভবানীপুর থানায় FIR দায়ের করা হল। কিন্তু কেন? ঠিক কী বলেছিলেন তিনি? অভিযোগ, গুজরাতি সম্প্রদায়ের মানুষকে ‘গুজরাতি গ্যাং’ বলে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও, ভোটের ফল প্রকাশের আগে ২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘উস্কানিমূলক’ পোস্ট করার অভিযোগে ভবানীপুর থানায় FIR দায়ের করা হয়েছে তাঁর নামে। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, উস্কানিমূলক মন্তব্য’ উল্লেখ করে, একাধিক জামিন অযোগ্য ধারায় ভবানীপুর থানায় FIR দায়ের করা হয়েছে।

বিতর্কিত ওই পোস্টে কী লিখেছিলেন অভিষেক?

ভোটের ফলাফল প্রকাশের ২ দিন আগে, নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২রা মের ওই পোস্টে তিনি লেখেন…. ‘আপনাদের ওই বাংলা-বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের আমার ডায়মন্ড হারবার মডেল-এ সামান্য আঁচড় কাটতেও দশ জন্ম যথেষ্ট হবে না। তোমার যা কিছু আছে সব নিয়ে এসো। আমি গোটা ভারতকে চ্যালেঞ্জ করছি ফলতায় আসুন। তোমাদের সবচেয়ে শক্তিশালী, দিল্লি থেকে কোনও ‘গডফাদার’-কে পাঠাও। যদি তোমাদের সাহস থাকে, তবে ফলতায় নির্বাচনে লড়ে দেখাও।’

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সম্প্রতি একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরেরই এক বাসিন্দা অর্ণবকান্তি দাস। সেখানে তিনি উল্লেখ করেছেন, ২রা মে, ফলপ্রকাশের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর একটি পোস্টে গুজরাতি সম্প্রদায়কে নিয়ে বেশ কিছু অবমাননাকর মন্তব্য করেন। সেই মন্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি, এলাকায় অশান্তি তৈরির চেষ্টার মতো গুরুতর কিছু অভিযোগ তিনি অভিযোগপত্রে লিখেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজ ২টি জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে, বিধাননগর থানায় FIR দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। আর এবার, একাধিক জামিন অযোগ্য ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় FIR দায়ের হয়।

কী বলছেন অভিযোগকারী?

এদিন অভিযোগকারী অর্ণবকান্তি দাস বলেন, ‘আমি ছোট থেকে এই পাড়ায় বড় হয়েছি। সেখানে যেমন বাঙালিরাও রয়েছেন, তেমন গুজরাতিরাও রয়েছেন। তাঁরা সামাজিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল, শিক্ষিত এবং তাঁদের অবদানও প্রচুর। ২০২৬ সালে আর তৃণমূল সরকারে রইল না, কিন্তু ভোটের ফলাফল যদি অন্যরকম হত, তাহলে কী হতে পারত? ২০২১ সালকে আমি চোখের সামনে দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পদে থেকে এই ধরণের মন্তব্য কখনোই করতে পারেন না।’

আরও পড়ুন: Weather News: এক ঘণ্টার ঝড়ে ক্ষতির ওপর ক্ষতি! গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ ১!



Source link

Leave A Reply

Your email address will not be published.