Voice of Eastern India

Wildlife is perishing, forests are being plundered, MLA expresses outrage against range officer in Purulia


জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার বার বলছেন সরকারি পরিষেবার ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। আর সেই নির্দেশের ভিত্তিতেই জেলাশাসকরাও ধারাবাহিক তদারকি করছেন পরিষেবার বিষয়ে কোন আধিকারিককে নিয়ে কোন প্রশ্ন উঠছে না তো? আম জনতার সঙ্গে আধিকারিকরা ভালো ব্যবহার করছেন তো? আর এই মনিটরিং-এর মধ্যেই পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের পুরুলিয়া-পাড়া রেঞ্জ আধিকারিক কিশলয় বিকাশ দে-কে ঘিরে প্রশ্ন উঠেছে, উঠেছে অভিযোগ! তাঁর আচরণে ক্ষুব্ধ স্বয়ং বিধায়কও।

আসলে তৃণমূলের বাস্তু ঘুঘু-র বাসা যে এখনও ভাঙেনি জঙ্গলমহল পুরুলিয়ায়। তাই বন্যপ্রাণ উদ্ধার থেকে জঙ্গল রক্ষার বিষয়ে সাধারণ মানুষজন ওই রেঞ্জ আধিকারিককে ফোন করলেও তা তিনি ধরেন না। ফলে তাঁর বনাঞ্চল এলাকাতেই বেঘোরে মরছে বন্যপ্রাণ, লুট হচ্ছে বনজ সম্পদ। ফোন ধরার অনীহায় সাপ থেকে পেঁচা উদ্ধারে ফোন যাচ্ছে ডিএফও-র কাছে। এমনকি অরণ্য ভবনেও। সব মিলিয়ে ওই রেঞ্জ আধিকারিকের আচরণে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। বিভাগীয় পদক্ষেপের সওয়াল করেছেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। অন্যদিকে বন্যপ্রাণ উদ্ধারের জন্য যে ডিএফও-র কাছে ফোন আসে তা স্বীকার করে নিয়েছেন কংসাবতী উত্তর বন বিভাগের ওই আধিকারিক বিশ্বনাথ প্রতাপ এন। তিনি বলেন, “বন্যপ্রাণ উদ্ধারের জন্য আমার কাছে ফোন আসে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে ফোন ধরব না এটা হতে পারে না। আমি ওই রেঞ্জারকে বলব তাঁর আচরণ শুধরে নিতে।”

আরও পড়ুন:

পাহাড়-জঙ্গল ঘেরা জঙ্গলমহল পুরুলিয়ার অন্যতম বড় রেঞ্জ এলাকা এই পুরুলিয়া-পাড়া। এই রেঞ্জ এলাকার আওতাধীন পুরুলিয়া পুর শহর, পুরুলিয়া ১, পুরুলিয়া ২ সহ পাড়া ব্লক। এই রেঞ্জের বনভূমির পরিমাণ প্রায় ১১ হাজার হেক্টর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, তৃণমূল জমানায় উত্তরবঙ্গ থেকে পুরুলিয়ায় বদলি হয়ে আসেন কিশলয়। তারপর তাঁকে দায়িত্ব দেওয়া হয় সুরুলিয়া মিনি চিড়িয়াখানা। পরে পুরুলিয়া-পাড়া বনাঞ্চলের মতো গুরুত্বপূর্ণ রেঞ্জেও তাঁকে বসানো হয়। দপ্তরে কান পাতলে শোনা যায়, তৃণমূলের এক শ্রেণির নেতা-নেত্রীদের ছত্রছায়ায় থাকায় তাঁকে দুটি গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্বে রাখা হয়। অভিযোগ, বর্তমানেও তিনি তৃণমূলের নেতাদের সঙ্গে তাল মিলিয়ে দপ্তরের কাজকর্ম চালাচ্ছেন। এই বনাঞ্চল এলাকায় জঙ্গল- পাহাড়ের পাশাপশি প্রচুর ব্যক্তি মালিকানা এবং সরকারি খাস জমি আছে। প্রত্যেকটি ক্ষেত্রেই মাঝারি ও ক্ষুদ্র বন্য প্রাণের বাসস্থান। এছাড়াও এই এলাকায় অতীতে পাচারের সময় প্যাঙ্গোলিন, লেপার্ড, চিতল হরিণের চামড়াও উদ্ধার হয়। সাপের বিষ পাচারের ক্ষেত্রেও এই বনাঞ্চলের করিডর ব্যবহার হয় বলে দপ্তরের কাছে খবর আছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছর জুন মাসে পুরুলিয়া ২ ব্লকের গোলামারা এলাকায় দুটি বন শূকর এবং একটি হায়েনাকে শিকারীরা পিটিয়ে মেরেছিল। এছাড়া সিঁদুরপুর পাহাড়ে আগষ্ট মাসে একটি হায়েনাকে পিটিয়ে মারা যায়। তাছাড়াও সেখানে বছর ভর চলে বেআইনি শিকার। শিকারিদের পাতা ফাঁদে এবং বল্লমের খোঁচায় বেঘোরে প্রাণ হারায় হায়েনা, বন শূকর, বুনো বেড়াল, সজারু থেকে খরগোশ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন,” প্রতি সপ্তাহে শিকার হয়। দপ্তর জানে না, এটা হয় ! পাহাড়ের নিচে জঙ্গলটি রোজ কাটা পড়ছে। বর্তমানে ৩০ শতাংশে নেমে এসেছে।” পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, ” তৃণমূলের কর্মসংস্কৃতি থেকে এই আধিকারিকরা এখনও বেরিয়ে আসতে পারেননি। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন মানুষকে পরিষেবা দিতে হবে। সেখানে উনি ফোন ধরছেন না। মানুষের জীবন শৈলীর সঙ্গে যুক্ত রয়েছে বন্যপ্রাণ। এই ধরনের আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত।” তবে যাঁর বিরুদ্ধে এত ক্ষোভ সেই রেঞ্জারের সাফ জবাব , “দপ্তর থেকে কোনো টাকা পাই না। নিজের টাকায় ফোন রিচার্জ করি। তাই ইচ্ছে হলে ফোন ধরবো।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.