Voice of Eastern India

Thefts reported at several places of worship in Nabadwip on the night of Raas Purnima


রাস পূর্ণিমার রাতেই নবদ্বীপে একাধিক পুজোয় বিগ্রহের গায়ে থাকা সোনা ও রুপোর গয়না চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। উৎসবের আনন্দ, আলোকসজ্জা আর হাজার হাজার দর্শনার্থীর ভিড়ের মধ্যেই মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন পুজো থেকে মূল্যবান গয়না উধাও হয়ে যায় বলে অভিযোগ। পুজো উদ্যোক্তাদের দাবি, কোথাও কয়েক লক্ষ টাকার সোনার গয়না, কোথাও রুপোর অলঙ্কার চুরি হয়েছে। একাধিক পুজো কমিটির পক্ষ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নবদ্বীপের পোড়াঘাট গৌড়গঙ্গা বারোয়ারি পুজো কমিটির সভাপতি গণেশ চন্দ্র দাস জানান, তাঁদের ১২৭ বছরের পুরনো পুজোয় এই প্রথম এমন চুরির ঘটনা ঘটল। প্রতিমার গায়ে থাকা সমস্ত সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ তাঁর। গণেশবাবুর দাবি, প্রায় ৩০০ গ্রাম সোনার গয়না চুরি হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা। মণ্ডপে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি রুপোর গয়না থাকলেও সেগুলিতে হাত দেয়নি দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে একজনের ছবি দেখা গেলেও তাঁকে এখনও শনাক্ত করা যায়নি বলে জানান তিনি। তাঁর কথায়, ৬৬ বছর বয়সে এই প্রথম পুজোয় এমন ঘটনা দেখলেন তিনি। থানায় অভিযোগ জানানো হয়েছে। চুরি যাওয়া গয়না দ্রুত উদ্ধার না হলে বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেওয়ার মানসিক অবস্থাও তাঁদের নেই বলে আক্ষেপ প্রকাশ করেন গণেশবাবু।

আরও পড়ুন:

Thefts reported at several places of worship in Nabadwip on the night of Raas Purnima
চুরির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিজস্ব ছবি।

রাজাবাজার মহিষমর্দিনী বারোয়ারিতেও গয়না চুরির অভিযোগ উঠেছে। পুজো কমিটির সদস্য হারাধন দাস জানান, প্রতিমার রুপোর মুকুট, কানের দুল, কোমরের গয়না ও পায়ের তোড়া চুরি হয়েছে। পাশাপাশি সোনার নথ, টানা এবং কপালের টিপও উধাও হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, সোনার গয়নার পরিমাণ প্রায় এক ভরি এবং রুপোর গয়না প্রায় ১২০ ভরি। রাত একটা পর্যন্ত তিনি মণ্ডপে ছিলেন। পরে গয়না চুরির বিষয়টি নজরে আসে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে মণ্ডপের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। প্রতিমার গলা ও মুকুটের গয়না খোলার চিহ্নও রয়েছে বলে জানান তাঁরা। প্রায় ৭০ বছরের পুরনো এই পুজোয় আগে কখনও এমন ঘটনা ঘটেনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Thefts reported at several places of worship in Nabadwip on the night of Raas Purnima
উৎসবের শেষ দিনে প্রতিমা দর্শন ও শোভাযাত্রা দেখতে শহরে বহু মানুষের সমাগম। নিজস্ব ছবি।

উত্তর বঙ্গপাড়ার শ্যামামাতা বারোয়ারি পুজোতেও গয়না চুরির অভিযোগ সামনে এসেছে। পুজো কমিটির সম্পাদক দেবব্রত সাহা জানান, রাত প্রায় ৩টা ২০ থেকে ৩টা ২৫ মিনিটের মধ্যে প্রতিমার গায়ে থাকা গয়না চুরি হয়েছে বলে তাঁদের অভিযোগ। এক সদস্যের ছোট ছেলে ঘটনাটি দেখতে পায় বলে দাবি। প্রতিমার গলার কাছ থেকে মালা, নূপুর, তিনটি মালা, একটি টাই, টিকলি, মুকুট ও গলার চেন চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা বলে তাঁর দাবি। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছে এবং পুজো কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রায় ৩০০ বছরের পুরনো এই বারোয়ারিতে আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানান দেবব্রতবাবু। তবে উত্তর বঙ্গপাড়ার মৃত্যুঞ্জয় শ্যামামাতা বারোয়ারি পুজো কমিটির আর এক সদস্য প্রসেনজিৎ দাসের দাবি, তাঁদের প্রতিমার তিনটি হার, গলার চেন, দুল ও একটি ঝুমকো চুরি হয়েছে। চুরি যাওয়া গয়নার বাজারমূল্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকার বেশি বলে দাবি তাঁর। পাশাপাশি প্রায় আড়াইশো ভরি রুপোর গয়না চুরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। ঘটনায় পুলিশ এসে পুজোর তিনজন লাইটম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে বলে জানান প্রসেনজিৎবাবু। তবে গয়নার পরিমাণ ও মূল্য নিয়ে কমিটির সদস্যদের বক্তব্যে কিছু পার্থক্য রয়েছে। তদন্তের পরেই প্রকৃত চুরির পরিমাণ ও ক্ষয়ক্ষতি স্পষ্ট হবে।

রাস পূর্ণিমার রাতে এই চুরির ঘটনাগুলি সামনে আসতেই পুজো উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। উৎসবের ভিড়ের মধ্যেও কীভাবে একাধিক পুজোয় চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুষ্কৃতীরা দর্শনার্থীদের ভিড়ের সুযোগ নিয়েছিল, নাকি আগে থেকেই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বুধবার নবদ্বীপ রাস উৎসবের বিসর্জনের আড়ং বা বর্ণাঢ্য শোভাযাত্রা। উৎসবের শেষ দিনে প্রতিমা দর্শন ও শোভাযাত্রা দেখতে শহরে বহু মানুষের সমাগম হয়েছে। তার আগেই একাধিক পুজোয় গয়না চুরির অভিযোগ সামনে আসায় উৎসবের আবহে উদ্বেগ তৈরি হয়েছে। চুরি যাওয়া গয়না দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এখন পুলিশি তদন্তে এই ধারাবাহিক চুরির ঘটনার কিনারা কত দ্রুত হয়, সেদিকেই তাকিয়ে নবদ্বীপবাসী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave A Reply

Your email address will not be published.