Voice of Eastern India

৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?


হাওড়া: অবশেষে খোঁজ মিলল রাইফেল শ্য়ুটার দময়ন্তী সেনের। প্রায় ৪০ ঘন্টার পর মেলে খোঁজ। ভোরবেলা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে দময়ন্তী সেনকে খুঁজে পাওয়া গেছে। দময়ন্তীকে খুঁজে পেতে তল্লাশির জন্য গঠন করা হয়েছিল SIT. গতকাল শ্য়ুটার দময়ন্তী সেনের বাবার সঙ্গে দেখা করেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। 

বাংলার প্রতিভাবান রাইফেল শ্য়ুটার। জাতীয় দলে ট্রায়ালে সুযোগ পেয়েছিলেন। ১৫ বছরের সেই দময়ন্তী সেনের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে ক্রমশ রহস্য ঘনাচ্ছিল। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে বাড়ির পোশাকে দোকানে কিছু জিনিস কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি উঠতি রাইফেল শ্যুটার। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাইফেল শ্যুটার। নিখোঁজ নাবালিকা দময়ন্তী সেনের বাড়ি হাওড়ায়। থানায় নিখোঁজ ডায়েরি করার পর প্রায় ৪০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর খোঁজ মিলল কিশোরীর। খোঁজ পাওয়ার খবরটি পরিবারের তরফ থেকে দেওয়া হয়। দময়ন্তীর মা, বাবা এবং কোচ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই খবর দেন। 

মেয়েকে পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে দময়ন্তী সেনের মা পোস্ট করে খবরটি জানান। তিনি লেখেন, ‘আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে আমার মেয়ে দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। ঈশ্বরের অসীম কৃপায় সে আমাদের কাছে ফিরে এসেছে। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন—আমাদের পরিবার আত্মীয় স্বজন,বন্ধু,সহকর্মী, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, সোশ্যাল মিডিয়ার অসংখ্য মানুষ, শুভানুধ্যায়ী এবং প্রত্যেক শুভাকাঙ্ক্ষী—আপনাদের সকলের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার মেয়ের প্রতি আপনাদের ভালোবাসা, প্রার্থনা, সহযোগিতা এবং অক্লান্ত প্রচেষ্টার ঋণ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই দুঃসময়ে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই ভালোবাসা ও মানবিকতা আমরা কোনোদিন ভুলব না। সকলের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।’

সোশ্যাল মিডিয়াতে দময়ন্তীর বাবা লেখেন, ‘মেয়েকে আজ ভোর বেলা পেয়েছি। এই ২ দিন যারা দিনরাত আমার পরিবারের সাথে ছিলেন সকল শুভানুধায়ী ,রাজ্য সরকার সহ স্পোর্টস মিনিস্টার, ভবানী ভবন এর সকল অফিসার, হাওড়া পুলিশ প্রশাসন (কমিশনার অফিস), সকল অ্যাডভোকেট ,আমার মেয়ের সকল রাইফেল কোচ যারা নিরন্তর খোঁজ নিয়েছেন ও সকল মিডিয়া ব্যক্তিদের সকল কে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে শত কোটি ধন্যবাদ। ও শারীরিক ভাবে একদম সুস্থ আছে।’



Source link

Leave A Reply

Your email address will not be published.