Voice of Eastern India

Yoga Day : যোগ দিবস নিয়ে তুঙ্গে প্রস্তুতি, কী কী কর্মসূচির আয়োজন ? কোন কোন জায়গায় পালিত হবে ?


কলকাতা : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে আজ থেকে শুরু হল ৩ দিন ব্যাপী যোগ দিবসের বর্ণাঢ্য কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতা পুরসভা থেকে ‘দৌড় সে ধ্যান’ ম্যারাথনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত ২ কিলোমিটার পথে অনুষ্ঠিত হল এই ম্যারাথন। অংশ নিলেন খোদ মুখ্যমন্ত্রীও। যোগ দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ডিজিটাল যোগের ওপর বিশেষ ডাকটিকিট উদ্বোধন করেছিলেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীও। পাশাপাশি যোগ দিবসের প্রস্তুতি হিসেবে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠেও আয়োজন করা হয়েছিল যোগাভ্যাসের।

এ যেন যোগাভ্যাসের জন্য মহা আয়োজনের প্রস্তুতি। ২১ জুন, রবিবার রাজ্যে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। ওই দিন কলকাতার রেড রোডের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”১২ তম আন্তর্জাতিক যোগ দিবস। প্রধান অনুষ্ঠানসূচি আমাদের এই পশ্চিমবাংলার তিলোত্তমা কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে ২০ তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং ২১ তারিখ সকালে আমাদের কলকাতাতে যে কর্মসূচি হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন এবং নেতৃত্ব দেবেন।

বুধবার, নবান্ন সভাঘরের একটি অনুষ্ঠান থেকে ডিজিটাল যোগের ওপর ২০টি বিশেষ ডাকটিকিটের উদ্বোধন করা হয়। ৭ জুন থেকে ১৫ দিন ধরে চলছে যোগ দিবসের সলতে পাকানো। এই বিশেষ দিনটি নিয়ে কী কী কর্মসূচি পালিত হবে?

১. শুক্রবার সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় পালন করা হল ‘রান ফর যোগা’ কর্মসূচি। কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স বিল্ডিংস পর্যন্ত যোগ দিবসের সমর্থনে ম্যারাথন হল। সকাল সাতটার সময়ে এই কর্মসূচি শুরু হয়।       

২. ২০ জুন, শনিবার আয়োজন করা হবে ‘হুগলি কালচারাল যোগ কার্নিভাল’। প্রিন্সেপ ঘাট-সহ হুগলি নদী তিরবর্তী বিভিন্ন ঘাটে ৫০০ নৌকায় করা হবে যোগাভ্যাস। হবে ড্রোন শো।          

৩. ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান কলকাতার ৪৫টা আলাদা জায়গায় LCD স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।        

সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, রবিবার ছুটির দিন হলেও, রাজ্যের সমস্ত সকুলগুলিতে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। 

  



Source link

Leave A Reply

Your email address will not be published.