Mamata Banerjee: কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, সেই কংগ্রেসকেই মুছে ফেলতে কসুর করেননি মমতা, আবার কি কংগ্রেসেই ফিরবেন?
Mamata Banerjee: আটের দশকে কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। কংগ্রেসের সঙ্গে জোট করেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু, তারপর পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসকে মুছে ফেলতে কোনও কসুর করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন তিনি কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছেন, তখন প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ উগরে দিচ্ছে ক্ষোভ।
ক্ষমতা হারিয়েছেন। যাঁরা তাঁকে সর্বক্ষণ ঘিরে রাখতেন তাঁদের প্রায় সকলেই হাত ছেড়েছেন। রাজনৈতিকভাবে কার্যত ‘দেউলিয়া’। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় কি কংগ্রেসে ফিরতে পারেন? তৃণমূল শীর্ষ নেতৃত্বের একটি অংশ দাবি করছে, বিষয়টা মোটেও এমন নয়। তবে কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের জোট হতে পারে। তবে রাজনীতি সম্ভাবনার শিল্প। তাই যে কোনওকিছুই হতে পারে।
আটের দশকে রাজীব গান্ধীর হাত ধরেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যিনি তাঁকে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে পরিচয় করিয়েছিলেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সংসদীয় রাজনীতির হাতেখড়িও হয়েছিল তাঁর হাত ধরেই। এরপর কংগ্রেসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উত্থান চোখে পড়ার মতো। রাজ্য় যুব কংগ্রেসের সভানেত্রী। একের পর এক কংগ্রেসি সরকারে কেন্দ্রে মন্ত্রী। কিন্তু তারপর ১৯৯৮ সালে এই কংগ্রেসেরই হাত ছেড়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পৃথক দল গড়েছিলেন। বিজেপির হাত ধরেছিলেন। ভোটে লড়েছিলেন। বাজপেয়ী সরকারে মন্ত্রী হয়েছিলেন।
২০১১ সালে আবার এই কংগ্রেসের সঙ্গে জোট করেই প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন। কিন্তু ফের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। এখন ফের তিনি ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যখন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠক করছেন, আলাপ-আলোচনা করছেন, তখন প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ উগড়ে দিচ্ছে ক্ষোভ। কেউ আবার মধ্য়পন্থা নিচ্ছেন।
সিপিএমের সঙ্গে জোট বেধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস। কিন্তু সেই একমাত্র বিধায়ককে বায়রন বিশ্বাসকেও ক্ষমতা থাকাকালীন ছিনিয়ে নেয় তৃণমূল। একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা। ২০১৫ সালের পুরভোটে মুর্শিদাবাদ জেলার ৭টি পুরসভার একটিতেও জেতেনি তৃণমূল। কিন্তু, বিরোধী দল ভাঙিয়ে একে একে সবকটি পুরসভা দখল করে তারা। দল ভাঙিয়ে কংগ্রেস শাসিত জেলা পরিষদও দখল করেছিল তৃণমূল। এখন সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই কি কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছেন?
একের পর এক ঝড়ে দিশা হারিয়ে কি ফের কংগ্রেসেই ফিরবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ১০ জনপথে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তবে প্রদেশ কংগ্রেসে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্য়দিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে কোনও আলোচনা হয়নি।
Ritabrata Banerjee: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই’, আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
