Mamata Banerjee: ‘আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে’, মমতার কংগ্রেসে ফেরার জল্পনা তুঙ্গে, ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক কংগ্রেস নেতা
Mamata Banerjee: রাজনৈতিকভাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এখন নিঃস্ব। দলের রাশ হাতের বাইরে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? তবে এই জল্পনা তৈরি হতেই, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা।
বিধানসভা ভোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিপর্যয়। ১৫ বছরের রাজপাট শেষ। তারপর কার্যত কর্পূরের মতো উড়ে গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্ব-কর্তৃত্ব। প্রশ্নের মুখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ভূমিকা। আগে ইন্ডি জোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সেই দাপট, কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, আজ সব শেষ। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কখনও সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কখনও অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন?
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন, ‘তৃণমূলের অবস্থা আপনারা দেখতে পারছেন। পুরো দল ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বড় বড় নেতারা পালিয়ে যাচ্ছেন। তৃণমূল দল ভয়ে রয়েছে। এতদিন তো কংগ্রেস দলের নেতাদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে হল না। এখন ওঁদের মনে হচ্ছে, এটা এখন করা উচিত।’
উত্তর দিনাজপুরের কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর কথায়, ‘আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা কোনওমতে মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। তৃণমূল কংগ্রেস এখন চলে যাচ্ছে। সেই জন্য় এখন উনি পায়ে পড়ে গেছেন সনিয়া গান্ধীর , রাহুল গান্ধীর পায়ে পড়ে গেছেন যে তাঁকে আবার কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হোক। এইসব মানুষ যদি কংগ্রেসে আসে, গ্রামবাংলার মানুষ আর কংগ্রেস করবে না।’
প্রদেশ কংগ্রেসের আরেক প্রাক্তন সপভাপতি প্রদীপ ভট্টাচার্যের কথায়, ‘কখনও ভাবতে পেরেছিলেন তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার ১ মাসের মধ্য়ে দলটা ভেঙে গুঁড়িয়ে তছনছ হয়ে যাবে! সময় কিন্তু চিহ্নিত করে দেয় রাজনীতিতে কোনদিকে চালিত হবে।’
এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল গড়েছিলেন। আজ তৃণমূল ভেঙে ছারখার। কংগ্রেসের শরণে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ব্য়ঙ্গ করেছেন রাহুল গান্ধীকে। এখন রাজনৈতিকভাবে কার্যত সর্বহারা হয়ে যাওয়ার পর সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই কি মরিয়া খড়কুটোর মতো কংগ্রেসের হাত ধরার জন্য়? যদিও, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা ভিত্তিহীন। তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে।
Ritabrata Banerjee: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই’, আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
