‘ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন’, নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
কলকাতা : মণীশ শুক্লার খুনের ফাইল খোলার দাবি তুললেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন। অর্জুন সিং বলছেন, ‘নির্মল ঘোষকে পাওয়া যাচ্ছে না। ধরাও পড়বেন। জেলেও যাবেন।’
আরজি কর-কাণ্ডে তড়িঘড়ি চিকিৎসকের দেহ সৎকার করিয়ে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি লটারির টিকিট ছিনিয়ে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে। ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়ে হাজতে। বাবা অর্থাৎ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ পুলিশের স্ক্য়ানারে। এই আবহে বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ফাইল খোলার দাবি জানিয়ে, নির্মল ঘোষকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। রাজ্যের মন্ত্রী নির্মল ঘোষ প্রসঙ্গে বলছেন, ‘ভাবছেন উনি লুকিয়ে থাকলে ধরা পড়বেন না। ধরাও পড়বেন। জেলেও যাবেন। আর থেরাপিও পাবেন। মণীশ শুক্লা কেসটা রিওপেন করাব, মুখ্যমন্ত্রীকে আমি বলে দিয়েছি।’ নির্মল ঘোষ গ্রেফতার হলে কি মণীশ শুক্লা কেসেও তাঁকে ট্যাগ করা হবে? প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেছেন, ‘১০০% ট্য়াগ করা হবে। কেন ও তো অপরাধী। মণীশ শুক্লা মার্ডার কেসে মূল কান্ডারি হল নির্মল ঘোষ। লটারির টিকিট ছেড়ে দিন। অন্ধদের স্কুলটা লুঠ করে রেখেছে।’
২০২০ সালের ৪ অক্টোবর টিটাগড় থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লাকে। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে ৪ জন জেলে রয়েছেন। সরকার বদলের পর কি ফের খুলবে মণীশ শুক্লার মার্ডার ফাইলস? সেটাই দেখার। নিহত মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লার অভিযোগ, ‘এটা তো রাজনৈতিক খুন ছিল। মণীশ বিজেপি করত, বিজেপিতে এসেছিল। CID নিজের রিপোর্টে মেনশন করে রেখেছে যে ওঁর( নির্মল ঘোষ) বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। উনি(নির্মল ঘোষ) যেহেতু যুক্ত আছেন, ওঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। মণীশের হত্যা তো বিজেপি করার জন্যই হয়েছিল। তো যদি বিজেপি সরকারে যদি এর বিচার আমরা না পাই, তাহলে কোন জায়গায় পাব? এ বিচার আমরা নিয়েই ছাড়ব।’
