জয়ন্ত পাল, কলকাতা: বলপূর্বক জমি দখল করা, জমির মালিক সেই জমি দাবি করলে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি হেনস্থা করার অভিযোগে। গ্রেফতার বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ওরফে কালো।
বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডলের ভাসুর তথা প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডলকে বাগুইহাটি থানার পুলিশ গ্রেফতার করে। আটঘরা পূর্ব পাড়ার বাসিন্দা সামসুনারা মন্ডলের অভিযোগ আজিজুল হোসেন মন্ডল এবং নাসির মন্ডল তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ক্রমাগত হেনস্থা করছে।
সামসুনারা মন্ডলের জানান তাঁর নিজস্ব জমি দখল করে আজিজুলরা বাংলাদেশিদের বসিয়ে রেখেছেন। একাধিকবার জমি চেয়ে আজিজুল হোসেন মন্ডলের কাছে গেলেই তাঁকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হত। ২০১৮ সাল থেকে থানা এবং প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েও কোন ধরনের সুরাহা হয়নি বলে জানান তিনি।
তবে অবশেষে গতকাল বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়েরের পরে গ্রেপ্তার করা হয় আজিজুল হোসেন মন্ডলকে। আজ তাঁকে বারাসাত আদালতে পেশ করা হয়।
আজই ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের আরেক নেতা। ধৃত নেতা পূর্ব বর্ধমানের কালনার ব্লক সভাপতি। তৃণমূলের ব্লক সভাপতির অফিস থেকে উদ্ধার হয়েছে হাজার খানেক ত্রিপল, হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডার। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযানে নামে কালনা থানা। তৃণমূলের ব্লক পার্টি অফিসে গ্যাস কাটার দিয়ে লোহার গ্রিল কেটে ভিতরে ঢোকে পুলিশ। তারপরই উদ্ধার করা হয় প্রচুর ত্রাণ-সামগ্রী।
রাজ্য়ে সরকার বদলের পর প্রায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন কোনও না কোনও তৃণমূল নেতা। সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য়। গতকাল রাতে ধৃতকে পুলিশের গাড়িতে তোলার সময় ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে অত্যাচার করতেন এই তৃণমূল নেতা। গতকাল রাতেই পঞ্চায়েত সদস্য়র বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।
তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের দুই কর্মীও। কলকাতা পুলিশের PCR ভ্যানে শ্যামপুকুর এলাকায় কর্তব্যরত অবস্থায় তোলাবাজির অভিযোগ। বাঁকুড়ার বারিকুলের বাসিন্দা ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ। অভিযোগ সামনে আসতেই লালবাজারের পদক্ষেপ, ২ পুলিশকর্মী গ্রেফতার। তোলাবাজির অভিযোগে মামলা রুজু, নেওয়া হবে বিভাগীয় পদক্ষেপ, খবর লালবাজার সূত্রে।
