Voice of Eastern India

‘এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?’ উত্তরে ঋতব্রত বললেন…


আশাবুল হোসেন, কলকাতা : বিধানসভায় সই জাল করে এবার মুখ পুড়ল তৃণমূলের। তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করতেই দল থেকে বহিষ্কার করা হল দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। এরপর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দুই বিধায়ক। ঋতব্রতকে প্রশ্ন করা হয়, এখন তো বহিষ্কৃত। তাহলে কি বিজেপিতে জয়েন করে যাবেন ? কোনও দায় নেই তো এখন আপনার…। এর উত্তরে তিনি বলেন, “এখানে তো বিজেপিতে যোগ দেওয়ার কোনও প্রশ্ন আসছে না। আমি তো বলছি,হুইসেলব্লোয়ারের কাজ করব। সরকারকে লিখব যা যা জানি। আমি বলছি না আমি সব সঠিক জানি। কিন্তু, যা জানি সেগুলো লিখে জানাব। ধরুন, আমার কাছে যা তথ্য আছে, সেই তথ্যগুলো দেব। সরকারকে অনুরোধ করব তদন্ত করার। উলুবেড়িয়াটা অগ্রাধিকার। মানে, উলুবেড়িয়া পূর্বের মানুষ বলচেন আর কী, যে…রাজ্যের বিভিন্ন প্রান্তে পিডব্লুডির কাজ হয়, তার সিমেন্ট কেন উলুবেড়িয়া থেকে যায় ! তদন্ত করে তো দেখতে হবে। তদন্তের আওতায় তো আনতে হবে। ” 

তৃণমূলের সই জালিয়াতি ফাঁস। আর ফাঁস করলেন তৃণমূলেরই যে দুই বিধায়ক, তাঁদের তড়িঘড়ি বহিষ্কার করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। কিন্তু তাতে কমার পরিবর্তে আরও চরমে উঠল তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি! সিআইডি তলব করলেও, অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হলেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

এই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “এরা এত বড় দুর্নীতিগ্রস্ত এবং আমি সিআইডি-কে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতায় Forgery-তে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারও অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাঁকে সময় দেবেন কি না তা আইও বা তাঁর অর্গানাইজেশন ঠিক করবে। ওখানে আমি ইন্টারফেয়ার করব না। ইট ইজ নট মাই ডিউটি। কিন্তু, এর সঙ্গে সংবাদমাধ্যমের প্রচার, তাতে মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছে। কিন্তু, প্রতিহিংসা আমরা নিতে চাই না। কারণ, উঠেই গেছে ওই পার্টিটা।”

এরইসঙ্গে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তৃণমূল দলটাই ভেঙে যাবে ? দু’টুকরো হয়ে যাবে তৃণমূল ? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে তৈরি দল, আর তাঁর হাতে থাকবে না ? মমতা বন্দ্য়োপাধ্য়ায় বৈঠক ডাকছেন, কিন্তু হাতে গোনা বিধায়ক উপস্থিত হচ্ছেন। কাউন্সিলররা সবাই হাজির হচ্ছেন না। মেয়র পারিষদরা উপস্থিত হচ্ছেন না। হাজিরা ক্রমেই কমছে। সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করছেন তৃণমূলেরই নেতারা। তাহলে কি তৃণমূলের ওপর থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রাশ পুরোপুরি আলগা হতে চলেছে ?

 



Source link

Leave A Reply

Your email address will not be published.