অভিষেকের ‘ইস্তফা’ চ্যালেঞ্জ, ‘হঠাৎ বোধোদয় কিনা জানি না’, ‘গোলের টাইম মিস করে গেছেন’, পাল্টা চন্দ্রিমা-মদন
কলকাতা : একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গীরা। এই প্রসঙ্গে ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীরা দলে ফিরলে ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন তিনি, এমনই দাবি অভিষেকের। তৃণমূল সাংসদের এই চ্যালেঞ্জের পাল্টা কটাক্ষ করেছেন শিবির বদল করা একাধিক নেতা। তালিকায় রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মদন মিত্র ও আরও অনেকেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আজকে ১৮ তারিখ। আপনি ১৯ তারিখ আসুন, ২০ তারিখ আসুন, ২১ তারিখ আসুন, সবে আসার আসুন। আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগাল দাও, তোমাকে বাঁচিয়ে রাখব। তোমাকে ED-ও ধরবে না, CBI-ও ধরবে না।’
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
তার পাল্টা কে কী বলছেন
চন্দ্রিমা ভট্টাচার্য – চন্দ্রিমা বলছেন, ‘জানি না উনি কী ভেবে বলছেন… দলে ফিরে আসুন মানে কী? আমরা দলেই আছি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকব। উনি কী বলেছেন, কী ভেবে বলেছেন, হঠাৎ বোধোদয় হচ্ছে কিনা সেটা জানি না।’
মদন মিত্র- মদন বলছেন, ‘৪ মে- এর পর, ৪ মে রাতে যদি বলতেন, ৫ তারিখ যদি বলতেন, তাহলে হয়তো সম্ভব ছিল। কিন্তু অভিষেক জানেন… আজকে… এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাসা তরী… আমি বলেছিলাম অভিষেক তুমি ছেড়ে দাও। মনে রাখবেন একটু দেরি হলে… মেসি হয়তো বল দিতে পারে, কিন্তু টাচটা নিতে না পারলে গোলে ঢোকানো যায় না। আপনি গোলের টাইমটা মিস করে গেছেন।’
অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলছেন, ‘এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিদি দিদি দিদি… যুবরাজ যুবরাজ যুবরাজ… করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকত, আজকে যারা বড় বড় কথা বলছে, আলাদা অমুক, আলাদা তমুক, তারা হতো, তাঁরা তো সেই মমতাদির পাশেই থাকতেন।’
এই গোটা বিষয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপিও। সুকান্ত মজুমদার বলেছেন, ‘এটা ওনাদের সংসারের ভিতরে বিষয়। এ বিষয়ে আমরা যাব না কে কাকে ঢিল মারবে পাটকেল মারবে এ বিষয়ে আমরা যাব না।। এদের বিষয় নিয়ে যে বলবে সেই বিপদে পড়বে। কখন কে কোন দিকে চলে যাবে কেউ বলতে পারবে না।’
