‘গুন্ডা ট্যাক্স- এর ভাগও পৌঁছে যেত…’, কয়লা পাচার কাণ্ডে ধৃত প্রাক্তন ওসিকে আদালতে পেশ করে ইডি- র চাঞ্চল্যকর দাবি
প্রকাশ সিন্হা, কলকাতা : কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল ও তার স্ত্রী’র অ্যাকাউন্টে ৭ কোটি টাকার লেনদেন হয়েছে বলে আদালতে দাবি করল ইডি। ইডির আইনজীবীর বক্তব্য, ‘গুন্ডা ট্যাক্সে’র ভাগও পৌঁছে যেত মনোরঞ্জন মণ্ডলের কাছে। কয়লা পাচার কাণ্ডে ধৃত বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আদালতে পেশ করে শুক্রবার চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল ও তার স্ত্রীর অ্যাকাউন্টে ৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে ‘প্রোটেকশন মানি’-র প্রসঙ্গ সামনে এসেছিল। এবার কয়লা পাচারকাণ্ডের তদন্তে ED সূত্রে দাবি, প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলের কাছেও ‘প্রোটেকশন মানি’ পৌঁছে যেত।
আদালতে ইডির আইনজীবী দাবি করেন, কয়লা পাচারে সিন্ডিকেট চালাতেন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ‘গুন্ডা ট্যাক্সে’র ভাগও পৌঁছে যেত তাঁর কাছে। কয়লা পাচারে সাহায্য়ের বিনিময়ে তিনি পাচারকারীদের কাছ থেকে টাকা নিয়েছেন। হোয়াটসঅ্যাপেও অনেক কয়লা পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল মনোরঞ্জন মণ্ডলের। ইডির দাবি, কয়লা মাফিয়ার সঙ্গে মোটা অঙ্কের লেনদেন হয়েছিল বারাবনি থানার প্রাক্তন ওসি-র। লেনদেন সংক্রান্ত মেসেজের উল্লেখ করে ইডির আইনজীবী দাবি করেন, অ্যাকাউন্টে কখনও ৫০ লাখ, কখনও ২৫ লাখ টাকা জমা পড়েছে। এই নিয়ে মনোরঞ্জন মণ্ডলকে টেক্সট মেসেজ করেছিলেন চিন্ময় মণ্ডল নামে এক কয়লা মাফিয়া। কয়লা পাচারে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭ কোটি টাকা পকেটে ভরেছেন মনোরঞ্জন। হাওয়ালা কারবারেও তাঁর পরোক্ষভাবে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আদালতে ইডির আইনজীবী আরও দাবি করেন, চিন্ময় মণ্ডলের থেকে সরকারি টেন্ডারের ১৫ শতাংশ শেয়ার চেয়েছিলেন ধৃত প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল। এই টাকা তাঁ স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়। এমনকী ফ্ল্যাট বুক করে দেওয়ার কথাও বলেছিলেন মনোরঞ্জন মণ্ডল। আদালতে ধৃত প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, জামিনের আবেদন মঞ্জুর না করা হলেও জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হোক বারাবনি থানার প্রাক্তন ওসিকে। তিনি সরকারি পদের অপব্যবহার করেননি। ২৭ জানুয়ারি, বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়। তিনি দায়িত্বভার নেওয়ার আগেই, ৩ ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ED। এরপর ১০ ফেব্রুয়ারি, তাঁকে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। তদন্তে একাধিকবার তলব করা হলেও ইডির কাছে হাজিরা এড়িয়ে যান তিনি। বৃহস্পতিবার কয়লাপাচারকাণ্ডে গ্রেফতার করা হয়েছে মনোরঞ্জন মণ্ডল কে।
Jahangir Khan: আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী
