কলকাতা: রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়ার মেজাজ। আজ থেকেই শুরু হতে পারে বৃষ্টির দফায় দফায় দাপট। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতি আরও তীব্র হতে পারে।
হলুদ ও কমলা সতর্কতা জারি
কাল ও পরশু দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
- আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। এই দুই জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে।
- শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে।
- রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
- সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতার মাঝে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।।
নিম্নচাপের প্রভাব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই এই আবহাওয়ার পরিবর্তনের প্রধান কারণ। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে।
কতদিন চলবে এই পরিস্থিতি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। এরপর মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
