গত কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

রবিবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা রাজ্যে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, রোহতক, লখনউ থেকে জামশেদপুর হয়ে কাঁথির ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

এই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে ঝুঁকে আছে এবং এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে।
আজ সাত জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই জেলায়। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে।

সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা আবহাওয়া দফতরের।

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৩ মিলিমিটার। – পিটিআই
Published at : 07 Aug 2026 06:10 PM (IST)