কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা উত্তরবঙ্গ। শেষ অবধি তাদের মুখে একগাল হাসি! এদিন বাজেট ঘোষণার সময়ই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়ে দিলেন, ‘রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি AIIMS হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে একটি IIT এবং একটি IIM স্থাপন করা হবে।’
দীর্ঘদিনের প্রত্যাশিত AIIMS থেকে, ক্যানসার হাসপাতাল, নতুন মেডিক্যাল কলেজ। চা শ্রমিক উন্নয়ন বোর্ড তৈরি থেকে শুরু। IIT, IIM, শিলিগুড়ি-জলপাইগুড়ির মেট্রো এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হল বাজেটে। বিজেপিকে যেমন ঢেলে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। তেমন রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে ঢেলে দিল বিজেপি সরকার। যা দেখার পর রাজ্যের পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, ‘সব পেয়েছির এবার বাজেট থেকে। চাঁদের পাহাড়, সব পাওয়ার বাজেট, চা বাগান সবেতেই বাজেট এসেছে। শিলিগুড়ির ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ বলেন, ‘উত্তরবঙ্গবাসী হিসেবে আমরা ভিষণ খুশি। যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, সেখানে আমরা আশা করতেই পারে, এরকম বাজেট হবে। যেটা ১৫ বছরে পাইনি। IIT, IIM যেটা হবে, খুবই খুশি আমরা।’
উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটা AIIMS। নতুন বিজেপির সরকারের বাজেট সেই প্রস্তাব তো রাখা হলই, সঙ্গে উত্তরবঙ্গ পেতে চলেছে একটি ক্যানসার হাসপাতাল, দার্জিলিংয়ে হবে সুপার স্পেশালিটি হাসপাতাল। নতুন মেডিক্যাল কলেজ হবে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে। স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ‘দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যানসার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে।’
উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। এবারের বিধানসভা নির্বাচনে তা আরও একবার পরিষ্কার হয়ে গেছে। উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪০টাই নিজেদের দখলে রেখেছে বিজেপি। এবার বাজেটে সেই উত্তরবঙ্গবাসীকে উজার করে দিল বিজেপি সরকার। উত্তরবঙ্গ পেতে চলেছে বেশ কয়েকটি নতুন পুরসভা। আলিপুরদুয়ারের জয়গাঁ, শিলিগুড়ি মহকুমার শিবমন্দির, মালদার গাজোল, চাঁচল, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি, উত্তরবঙ্গ মানেই চা। ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে চা শিল্পের উন্নয়ন নিয়ে বারবার বার্তা দিয়ে গেছেন, এবার রাজ্য বাজেটেও তার ছাপ থাকল। চা শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধানের জন্য তৈরি হবে ‘চা শ্রমিক উন্নয়ন বোর্ড’। চা বাগানের ভিতরের রাস্তা ও পরিকাঠামো উন্নত করা হবে।
শিলিগুড়িতে তৈরি হবে কমন টি প্রসেসিং সেন্টার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের যৌথ প্রচেষ্টায় তৈরি হবে টি প্রসেসিং জোন। স্বপন দাশগুপ্ত বলছেন, ‘আমি একটি ‘চা শ্রমিক উন্নয়ন বোর্ড’ প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। রাজ্য সরকার, ভারত সরকারের সাহায্যে ‘পিএম চা শ্রমিক প্রোৎসাহন’ যোজনা চালু করবে। চা বাগান এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে, আমি চা-পর্যটন এবং অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য চা বাগানের জমির বাণিজ্যিক ব্যবহারের পরিমাণ কমিয়ে ১৫% করার প্রস্তাব রাখছি।’
ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত হাইস্পিড রেল করিডর পরিকল্পনার ঘোষণা করেছেন রেলমন্ত্রী। আর রাজ্য বাজেটে প্রস্তাব রাখা হল, শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষে প্রকল্পের সম্ভাবনা যাচাই করতে টেকনো-ইকোনমিক স্টাডি করা হবে। কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পে বিমানবন্দর তৈরি হবে বালুরঘাট ও মালদায়। কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করা হবে।
Aroop Biswas: “আমি তৃণমূল, তৃণমূল, তৃণমূল”, আর যা বললেন অরূপ বিশ্বাস…
