সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার। এমন অন্ধকার হয়ে গেল যে, দিন না রাত ঠাহর করা যাচ্ছিল না। সঙ্গে শুরু প্রবল বর্ষণ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা। কাল পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকে দুই তিন জেলায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতার কাছাকাছি অবস্থান। এর প্রভাব রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের পথে এগোবে।
আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে।

সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দুর্যোগের আশঙ্কা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে।

পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলার কিছু এলাকায় চরম বৃষ্টির লাল সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার বা তার বেশি।
সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। – পিটিআই
Published at : 17 Aug 2026 11:23 AM (IST)