Voice of Eastern India

TMC Councilor Arrested: ‘জসিম ভাইয়ের মামলা তুলে নাও, নইলে ফল ভাল হবে না’, প্রকাশ্যেই হুমকি তরুণীকে, অভিযোগ তাঁর বাবার


সন্দীপ সরকার, কলকাতা : রবিবার সাতসকালে কলেজ স্ট্রিটে ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়িতে যায় জোড়াসাঁকো থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। তবে দরজা খোলা হয়নি। এরপর চাবি তৈরির লোক নিয়ে এসে একটি দরজার খোলে পুলিশ। সেই সময় আরেকটি কোলাপসিবল গেটে থাকা তালা খুলে দেন কাউন্সিলর। এরপর তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালে এক নাবালিকাকে অত্যাচারের ঘটনা-সহ একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন এবং তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ২০২৩ সালের যে নাবালিকার উপর অত্যাচার হয়েছিল এখন তিনি, তরুণী, কলেজ পড়ুয়া। তাঁর পরিবার শুক্রবার থানায় অভিযোগ জানায় এই মর্মে যে তাঁদের উপর মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে। এরপর গতকাল এলাকা দিয়ে যাওয়ার সময় তরুণীর উপর চড়াও হয় জসিমউদ্দিনের দলবল। 

নির্যাতিতার বাবা জানিয়েছেন, পকসো আইনে ২০২৩ সালের একটি মামলা চলছে। সেখানে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন। সানি নামে আরও একজন অভিযুক্ত রয়েছেন বলেও দাবি করেছেন নির্যাতিতার বাবা। তিনি আরও বলেন, গতকাল তাঁর মেয়ে যখন আসছিল, তখন তাঁর হাত ধরে টানাটানি করা হয়। মারধর করা হয়। আফসার আলি ছোটু নামে একজন কটূক্তি করেন বলে অভিযোগ করেছেন ওই তরুণীর বাবা। অভিযোগ, তরুণীকে শাসিয়ে, হুমকি দিয়ে বলা হয় মামলা তুলে নিতে। নাহলে ফল ভাল হবে না। আপত্তিকর শব্দেরও ব্যবহার করা হয় তরুণীর উদ্দেশ্যে। গতকাল তরুণীর উপর যে অত্যাচার হয়েছে, তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে খবর, স্থানীয় সূত্রে এই সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। আপাতত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। গতকালের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতেও এলাকায় তাণ্ডব চালিয়েছে জসিমউদ্দিনের দলবল। ভাঙচুর করা হয়েছে সিসি ক্যামেরা। রাতেই এলাকায় আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ৮ জনের নামে এফআইআর দায়ের হয়। একজনকে গ্রেফতার করা হয়। 

পুলিশের ভয়ে শাড়ির স্তূপের নীচে তৃণমূল কর্মী, ডাঁই করা শাড়ি সরাতেই বেরিয়ে এলেন…

আজ রবিবার সকালে পুলিশ এই ঘটনার তদন্তের সূত্রেই জিজ্ঞাসাবাদ করতে জসিমউদ্দিনের বাড়িতে গিয়েছিল। তবে কলেজ স্ট্রিটের কাছে কলাবাগানের বাড়ির বাইরেই তাদের অপেক্ষা করতে হয় প্রায় সাড়ে ৫ ঘণ্টা। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জালে পাকড়াও হয়েছে জসিমউদ্দিন। গতকালে ঘটনার সঙ্গে, তরুণীর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার ব্যাপারে এই তৃণমূল কাউন্সিলর কীভাবে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.