Suvendu Adhikari : বিধানসভায় একটি ‘বড় স্ক্যাম’-এর কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কী ঘটেছে ?
কলকাতা : শনিবার বিধানসভায় ভাষণ দিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নতুন এক ‘স্ক্যাম’ এর কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটি বড় স্ক্যাম সামনে এসেছে।” পাশাপাশি তিনি বলেন এর সঙ্গে জড়িতরা সবাই কঠিন শাস্তি পাবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘‘একটি বড় স্ক্যাম সামনে এসেছে। সেটি হল, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম।’’ এরপর কিছু ছবি দেখিয়ে মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভুল চিকিৎসার পরিণতির ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন তিনি।

ছবি দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই চিটিংবাজটা কী ভাবে ক্ষতি করেছে দেখুন। বাচ্চাটির হাত গিয়েছে। আর একটি বাচ্চাকে বিকলাঙ্গ করেছে।’’ এর পর এক মহিলার ছবি দেখিয়ে বলেন, ‘‘এই দিদির পা বাদ গিয়েছে।’’

সেবাশ্রয় নিয়ে ওঠা অভিযোগগুলি একের পর এক তুলে ধরেন বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানান, ”এক্সরে, ইউএসজি মেশিন বাইরে নিয়ে গিয়েছে। মেডিক্যাল কলেজের ডাক্তারদের বাইরে নিয়ে গিয়েছে। এত খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না। কেউ বাঁচাতে পারবে না চিটিংবাজ ভাইপোকে।”

তিনি আরও বলেন, ”সাধারণ মানুষকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। দিলীপ মণ্ডলের গোডাউন থেকে ২০২৫ সালের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। ২০২১ সালের এক্সপায়ারি ডেটের ওষুধ পাওয়া গিয়েছে।”

সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিকিৎসক রাজীব বিশ্বাসের একটি চিঠি পড়ে শোনান শুভেন্দু। সেবাশ্রয় নিয়ে এফআইআরের ভিত্তিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই প্রসঙ্গেও বিধানসভায় বলেন তিনি।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘‘মানুষের জীবনের যাঁরা ক্ষতি করেছেন এবং এই সেবাশ্রয় ক্যাম্পে যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসাবে দেখা হচ্ছে।’’

এর আগে সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের হয় FIR।

হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেবাশ্রয় থেকে। ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২ মাস ওষুধ খেয়েও কোনও লাভ হয়নি। পরে বাড়াবাড়ি হতে, ন্যাশনাল মেডিক্যালে অস্ত্রোপচার হয় তাঁর এবং বাদ যায় ডান পা। এর পাশাপাশি, রোগীদের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খাওয়ানোর অভিযোগও ওঠে।
Published at : 25 Jul 2026 02:50 PM (IST)
