Suvendu Adhikari: “ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন…”, অভিষেককে ‘প্রতিষ্ঠিত চোর’ কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Slams Abhishek Banerjee: গত ১৫ বছর ধরে রাজত্ব করা তৃণমূলের (TMC) জমানার ইতি হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের দরুন বিজেপি সরকার গড়ার পর থেকেই কিছুটা হলেও ‘ব্যাকফুট’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের দ্বারা মাঝেমধ্যেই আক্রমণের ফলায় বিদ্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি ‘কালীঘাট তৃণমূল’-এর অনেক নেতাই তাঁর সমালোচনায় সরব। এমতাবস্থায় আজ বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের DJ মন্তব্য নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। DJ মামলায় বেশ বেগে পেতে হচ্ছে তাঁকে। আর আজ তাঁর সেই DJ বাজানো মন্তব্য নিয়েই বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বললেন, “ভোটে লড়ুন, কোথায় থাকবেন, দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ – কী বলেছিলেন? DJ বাজাবেন? ৪ তারিখে অমিত শাহ (Amit Shah) যেন রাজ্যে থাকে… DJ বাজিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে এখনও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো কায়দায় ২০০০ লোকের সামনে হাত নাড়তে নাড়তে…”। সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ, “প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন, ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। ৪০ শতাংশ মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই শওকত, পুষ্পার থেকেও খারাপ হবে।”
এখানেই শেষ নয়, বিধানসভায় আজ একের পর এক ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর নিশানায় বিগত রাজ্য সরকার। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “পুলিশকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, আমার দায়িত্ব। আমি আজকে বলছি, ফলতা তো প্যাহলে ঝাঁকি হ্যায়, রেজিনগর-নন্দীগ্রাম বাকি হ্যায়।”
আজ শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নয়, নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চড়া সুরে তিনি বলেন, “আর একজন বলছেন আমি ফিরে আসব। সবাই গদ্দার। সব চোরেরা নাকি ওদিকে চলে গেছে। ভাবতে পারেন কী রুচি! আপনি এত বড় নেত্রী – মিত্র ইন্সটিটিউশনের ৪টি বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না। আপনি নাকি জননেত্রী! একটা সময় ছিলেন, যখন অটলজী আপনাকে আশীর্বাদ করেছিলেন।”
