Saokat Molla: গ্রেফতারের পর সওকতকে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, DJ বাজিয়ে চলছে মাছ চোর গান, ডিম হাতে বিক্ষোভ
সুকান্ত মুখোপাধ্য়ায়, হিন্দোল দে ও রঞ্জিত সাউ, কলকাতা: ২ দিনের লুকোচুরি পর, শুক্রবার রাতে, গ্রেফতার হন সওকত মোল্লা। আর শনিবার দিনভর, কখনও NIA দফতরের সামনে, কখনও আদালত চত্বরে, সওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান। DJ বাজিয়ে চলল মাছ চোর গান। মাছ-ডিম হাতে বিক্ষোভ দেখালেন ভাঙড়ের বাসিন্দারা।
DJ বাজিয়ে মাছ চোর গানের সঙ্গে নাচ। হাতে মাছ, ডিম। চলছে মিষ্টি বিলি, সঙ্গে চোর স্লোগান। ক্য়ানিংয়ের জীবনতলায় আরাবুল মিষ্টি বিলি করছেন।
NIA দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা NIA-র বিশেষ আদালত – দিনভর ধৃত তৃণমূল নেতা সওকত মোল্লাকে ঘিরে দেখা গেল এমনই বিক্ষোভের ছবি। NIA দফতর: গানের সঙ্গে নাচ। বিধাননগর মহকুমা হাসপাতাল: চোর স্লোগান। NIA স্পেশাল কোর্ট: ছোড়া হল বোতল। ভাঙড় বিস্ফোরণ মামলায় শুক্রবার, গ্রেফতার হন, ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী সওকত মোল্লা। রাতে তাঁকে NIA দফতরেই রাখা হয়।
‘মাছ চোর অ্য়ারেস্ট হওয়ার কারণে আমরা আনন্দে মিষ্টি বিতরণ করছি’, অকপটে বলছেন বিক্ষোভকারীরা। একজন বললেন, ‘ওকে মাছ ভাজা খাইয়ে দিয়ে চলে যাব আমরা।’ আর একজন বলেন, ‘সওকত মোল্লার ক্য়ানিংয়ে মাছ চুরিতে একটা রেকর্ড আছে। ++ সওকত মোল্লা যে কোটি কোটি টাকার মালিক হল, সেটা কোথা থেকে হল।’ শনিবার সকালে নিউটাউনে NIA দফতরের বাইরে ভিড় করেন ভাঙড়ের বাসিন্দাদের একাংশ। কারও হাতে ছিল ডিম… কারও হাতে ছিল মাছ… সঙ্গে DJ-তে বাজানো হয় মাছ চোর গান…।
NIA-র বিশেষ আদালতে সওকত মোল্লাকে নিয়ে আসার আগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জীবনতলা থেকে বিজেপি কর্মীরা এসেছেন। যাঁরা দীর্ঘদিন, বিশেষ করে ২০২১ থেকে সওকতের বাহিনীর দ্বারা আক্রান্ত, তাঁরা এসেছেন। জানিয়েছেন, বিজেপির কর্মী, কার্যকর্তাদের উপর অকথ্য় অত্য়াচার, জেসিবি মেশিন দিয়ে ঘরবাড়ি লুঠপাট, হাজার হাজার কর্মী আজকে ঘরছাড়া ছিল, এই সওকত মোল্লার কারণে।
আরও পড়ুন: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
এক বিজেপি কর্মী বলেছেন, ‘২১ সালে আমায় তুলে নিয়ে গিয়ে মেরেছে, বন্দুকের বাঁট দিয়ে, লোহার বাঁট দিয়ে, ২৪-এ মেরেছে। ভোটের দিন ২৬-এও মেরেছে। আমার ঘরবাড়ি লুঠ-পাট করে নিয়েছে।’
এদিকে, নিউটাউনে বিক্ষোভ-পরিস্থিতির কারণে, NIA দফতরের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। NIA দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সওকত মোল্লাকে। সেখানেও তাঁকে ঘিরে ওঠে চোর স্লোগান…। এরপর, ব্য়াঙ্কশাল আদালতের NIA-র স্পেশাল কোর্টে ঢোকানোর সময়, চোর স্লোগানের পাশাপাশি, সওকত মোল্লাকে লক্ষ্য় করে ছোড়া হয় জলের বোতল।
সরাসরি লকআপে নিয়ে যাওয়া হয়। কোনও প্রশ্নের উত্তর দেননি সওকত। ফাঁকা জলের বোতল ছোড়া হয়। ঘেরাটোপ করে দেওয়া হয়। এদিন আদালতে সওকত মোল্লার জামিনের আবেদন জানিয়ে, তাঁর আইনজীবী বলেন, সওকত মোল্লা ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত নন। তিনি ঘটনাস্থল বা তার আশেপাশে ছিলেন না। ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ছিলেন।তাহলে তিনি কীভাবে এর সঙ্গে যুক্ত হতে পারেন? জামিনের বিরোধিতা করে NIA-র আইনজীবী আদালতে দাবি করেন, ভাঙড় বিস্ফোরণকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী সওকত মোল্লা। তিনি অত্য়ন্ত প্রভাবশালী। তাঁকে জামিন দেওয়া হলে, সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে।
